এসআইকে আবারও কারণ দর্শাতে বললেন আদালত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রেপ্তারের ২৪ ঘণ্টার মধ্যে আসামিকে আদালতে হাজির না করার ঘটনায় চট্টগ্রাম নগর গোয়েন্দা (ডিবি) পুলিশের এক উপপরিদর্শককে (এসআই) দ্বিতীয় দফায় কারণ দর্শাতে বলেছেন আদালত।

গতকাল সোমবার চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ হারুন অর রশিদ এ আদেশ দেন।

আসামির আইনজীবী ইফতেখার সাইমুল চৌধুরী বলেন, ৯ অক্টোবর নগরের জামাল খান এলাকা থেকে হায়দার আলী নামের এক ব্যবসায়ীর একটি মোটরসাইকেল চুরি হয়। এরপর ওই ব্যবসায়ী কোতোয়ালি থানায় মামলা করেন। পরে মামলাটি ডিবিতে পাঠানো হয়। ১৭ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা এসআই স্বপন কুমার সরকার আসামি মো. তৌকিরকে গ্রেপ্তার করেন। তৌকিরকে নিয়ে কুতুবদিয়ায় অভিযান চালিয়ে দুটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। পরে ১৯ অক্টোবর তৌকিরকে আদালতে হাজির করা হয়। কেন ২৪ ঘণ্টার মধ্যে আসামিকে আদালতে হাজির করা হয়নি, আদালত এর কারণ জানতে চান স্বপন কুমার সরকারের কাছে। গতকাল আদালতে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দেন স্বপন কুমার। ২৪ ঘণ্টার মধ্যে আসামিকে হাজির করতে না পারায় নিজের ভুল স্বীকার করে ক্ষমা চান।

আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, শুনানির সময় আদালত স্বপন কুমারের কাছে জানতে চান, কোন আইনে আসামিকে গ্রেপ্তারের পর আদালতে হাজির না করে অভিযানে নেওয়া হয়েছে। এ সময় স্বপন কুমার বলেন, তিনি ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় আসামিকে আটক করে তিন দিন অভিযান চালিয়েছেন।

আইনজীবী ইফতেখার সাইমুল চৌধুরী বলেন, আদালতে দাঁড়িয়ে আইনের ভুল ব্যাখ্যা দেওয়ায় কেন তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে না, তা তিন দিনের মধ্যে জানাতে স্বপন কুমারকে নির্দেশ দিয়েছেন আদালত।

আসামির আইনজীবী বলেন, তৌকিরকে পুলিশ ৫৪ ধারায় আটক করেনি। তাঁকে চুরির অভিযোগে করা মামলায় গ্রেপ্তার করা হয়েছে।