এসআইকে ছাত্রলীগ নেতার মারধর
‘তোর মতো দারোগা ১০টা আমার পকেটে থাকে। তুই আমার ফোনে গাড়ি ছাড়িসনি কেন?’ এ কথা বলেই তল্লাশি চৌকিতে দায়িত্বরত পুলিশের এক উপপরিদর্শকের (এসআই) গালে চড় মারের কামরাঙ্গীরচর থানা ছাত্রলীগের নেতা জুম্মন মিয়া। গতকাল শনিবার রাত আটটার দিকে কামরাঙ্গীরচরের লোহার ব্রিজের ঢালে এ ঘটনা ঘটে।এ বিষয়ে ঘটনার শিকার উপপরিদর্শক এবারত হোসেন বাদী হয়ে জুম্মনসহ ১৫-২০ জনকে আসামি করে কামরাঙ্গীরচর থানায় একটি মামলা করেছেন। এ ঘটনায় পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।গতকাল রাতে কামরাঙ্গীরচর থানার উপপরিদর্শক আনোয়ার হোসেন জানান, রাতে তল্লাশি চৌকিতে কর্তব্য পালনকালে তিনজন আরোহীসহ একটি মোটরসাইকেল আটক করে পুলিশ। মোটরসাইকেলের চালক তাঁর ফোন থেকে উপপরিদর্শক এবারতের সঙ্গে ছাত্রলীগের নেতা জুম্মনের কথা বলিয়ে দেন। জুম্মন ফোনে পুলিশকে মোটরসাইকেল ছেড়ে দিতে বলেন। কিন্তু পুলিশ ওই মোটরসাইকেল না ছেড়ে মামলা দেওয়ার উদ্যোগ নেয়। এর কিছুক্ষণের মধ্যেই জুম্মন, মোহাম্মদ আলী পলাশসহ ১৫-২০ জনের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে এবারতকে মারধর করে মোটরসাইকেলটি ছিনিয়ে নিয়ে যায়। এ বিষয়ে অভিযুক্ত জুম্মন মিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাঁকে পাওয়া যায়নি।