এসআইকে জখমের ঘটনায় ছয়জন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের গজারিয়া থানার উপপরিদর্শক (এসআই) বেলাল উদ্দিনকে কুপিয়ে জখম করায় ঘটনায় জড়িত সন্দেহে গত বুধবার দিবাগত রাতে ছয়জনকে আটক করেছে পুলিশ।আটক ব্যক্তিরা হলেন গজারিয়া উপজেলার আবদুল্লাপুর গ্রামের রিটন সিকদার, মো. ফরহাদ হোসেন, শেকেরগাঁও গ্রামের রাজীব মিয়া, আবুল কালাম আজাদ, সুমন মিয়া ও চরবাউশিয়া গ্রামের শফিক মিয়া।পুলিশ জানায়, বুধবার রাতে গজারিয়ার বাউশিয়া পাঠানবাড়ি এলাকায় আট-দশজন দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে এসআই বেলালকে কুপিয়ে জখম করে তাঁর রিভলবার, মোটরসাইকেল, মুঠোফোন ও টাকা নিয়ে চলে যায়। তাঁকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। গুরুতর অবস্থায় রাতেই তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। হামলার ঘটনার দুই ঘণ্টা পর বেলালের মোটরসাইকেল ও রিভলবার উদ্ধার করে পুলিশ।গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন বলেন, রাতেই থানা পুলিশের সঙ্গে মুন্সিগঞ্জ পুলিশ লাইনের ২৪ জন সদস্য এলাকায় যৌথ অভিযান চালিয়ে সন্দেহভাজন ছয়জনকে আটক করে। বেলালের অবস্থার উন্নতি হলে তাঁর সঙ্গে কথা বলে ঘটনার বিস্তারিত জানা যাবে।মুন্সিগঞ্জের পুলিশ সুপার হাবিবুর রহমানসহ জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা গতকাল বৃহস্পতিবার ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিদর্শন শেষে পুলিশ সুপার বলেন, ‘মাদক চক্রের রোষানল ও ব্যক্তিগত শত্রুতার কারণে অথবা সংঘবদ্ধ চক্রের দুর্বৃত্তপনা টের পাওয়ায় বেলালের ওপর হামলা হতে পারে। এই তিনটি বিষয় সামনে রেখে তদন্ত করা হচ্ছে। পুলিশ ঘটনাস্থল থেকে আক্রমণকারীদের দুই পাটি জুতা উদ্ধার করেছে।’