এসআইকে বাদ দিয়ে দুই সোর্সের ডিএনএ পরীক্ষার আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আসামির দুই স্ত্রীকে ধর্ষণের ঘটনায় পুলিশের এসআই আতাউর রহমানকে বাদ দিয়ে গ্রেপ্তার দুই সোর্সের (তথ্যদাতা) ডিএনএ পরীক্ষার আবেদন করা হয়েছে। গতকাল রোববার নারায়ণগঞ্জ জ্যেষ্ঠ বিচারিক হাকিম ইশরাত জাহানের আদালতে ঘটনার তদন্ত কর্মকর্তা এ আবেদন করলে তা মঞ্জুর করা হয়।

নারায়ণগঞ্জ আদালত পুলিশের এসআই গোলাম হোসেন বলেন, সিদ্ধিরগঞ্জে দুই নারী ধর্ষণের ঘটনার তদন্ত কর্মকর্তা হলেন সিদ্ধিরগঞ্জে থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম। ইতিমধ্যে হাসপাতালে দুই নারীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। তাঁদের (দুই তথ্যদাতা) ডিএনএ পরীক্ষা করা হবে। এ জন্য আদালতে আবেদন করা হলে বিচারক সেটা মঞ্জুর করেন।

এদিকে ধর্ষণের ঘটনার শুরুতে সিদ্ধিরগঞ্জ থানার এসআই আতাউর রহমানের নাম এলেও পুলিশ তাঁকে বাঁচানোর চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে। শনিবার সকালে নারায়ণগঞ্জ শহরের ১৫০ শয্যাবিশিষ্ট নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে দুই নারীর ডাক্তারি পরীক্ষা হয়। মামলা থেকে রেহাই পেলেও শনিবার দুপুরে এসআই আতাউর রহমানকে সিদ্ধিরগঞ্জ থানা থেকে পুলিশ লাইনে প্রত্যাহার করে নেওয়া হয়।

গত ৩১ আগস্ট রাতে সিদ্ধিরগঞ্জ থানার পাশেই সোর্স নজরুলের ভাড়া বাসায় ধর্ষণের শিকার হন দুই নারী। দুই নারীর আইনজীবী মজিবুর রহমান বলেন, ওই দুই নারী তাঁর কাছে এসআই আতাউর রহমান, দুই সোর্স নজরুল ও শুভর নাম বলেছেন।