এসআইকে স্যার না বলায়...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশকে স্যার না বলায় রাজশাহীর বাঘা থানার উপপরিদর্শক (এসআই) মনসুর হাবিব এক কলেজছাত্রকে অমানুষিক নির্যাতন করেছেন বলে অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে গতকাল রোববার বাঘায় বিক্ষোভ মিছিল হয়েছে।স্থানীয় বিভিন্ন সূত্র জানায়, এসআই মনসুরের বিচারের দাবিতে বেলা ১১টার দিকে বাঘার শাহেদৗলা ডিগ্রি কলেজ মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের হয়। বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন নাটোর এনএস কলেজের ছাত্র আবু তালেব অভিযোগ করেন, গত বুধবার সন্ধ্যার দিকে লালপুরের বাড়ি থেকে তিনি বাঘায় যাচ্ছিলেন। পথে সাদা পোশাকে এসআই মনসুর তাঁর মোটরসাইকেলের কাগজপত্র দেখতে চান। কাগজপত্র দেখাতে না পারলে তিনি তালেবের পরিচয় জানতে চান। এরপর এসআই মনসুর মুঠোফোনে কথা বলতে ব্যস্ত হয়ে পড়েন। তালেব জানান, আর কোনো আগ্রহ না দেখানোয় তিনি চলে আসেন। কিন্তু তিনি বাঘা জিরো পয়েন্ট এলাকায় পৌঁছালে এসআই মনসুর ধাওয়া করে তাঁকে আটক করেন। ‘স্যার’ না বলায় তাঁকে বেদম প্রহার করেন মনসুর। একপর্যায়ে তিনি থানায় নিয়ে তালেবকে মারধর ও গালিগালাজ করেন। অভিযোগের ব্যাপারে এসআই মনসুরের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করে তাঁকে পাওয়া যায়নি।