এসআইবিএলের আরও পাঁচ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ
হল-মার্ক গ্রুপের ঋণ কেলেঙ্কারির নন-ফান্ডেড অংশের অনুসন্ধানে সোস্যাল ইসলামী ব্যাংকের (এসআইবিএল) আরও পাঁচজন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সোমবার দুদকের প্রধান কার্যালয়ে তাঁদের জিজ্ঞাসাবাদ করে দুদকের পরিচালক ও এ-সংক্রান্ত অনুসন্ধান দলের প্রধান মীর জয়নুল আবেদিন শিবলীর নেতৃত্বে একটি দল।
গতকাল জিজ্ঞাসাবাদ করা হয় ব্যাংকটির বংশাল শাখার ভিপি ও শাখা ব্যবস্থাপক মো. তাহির-উজ-জামান, এফএভিপি ও অপারেশন ম্যানেজার আহাম্মদ আজিম, সিনিয়র অফিসার রুবাইয়াত আনা, রোকেয়া সরণি শাখার এফএভিপি মো. সফিউল্লাহ ও দনিয়ার রসুলপুর শাখার সিনিয়র অফিসার সাইফুল কবীর আহমেদ।
এ নিয়ে ব্যাংকটির ১০ জন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করা হলো। আরও ছয়জন কর্মকর্তাকে তলব করে চিঠি পাঠানো হয়েছে। এসআইবিএলের ব্যবস্থাপনা পরিচালক বরাবর পাঠানো চিঠিতে ওই ছয়জনকে ২ ফেব্রুয়ারি দুদকের প্রধান কার্যালয়ে হাজির থাকতে বলা হয়েছে। এই ছয়জন হলেন ব্যাংকটির প্রধান কার্যালয়ের এভিপি সেলিমা আলম, উত্তরা শাখার ভিপি ও ব্যবস্থাপক মঞ্জুরুল হক শোয়েব, বনানী শাখার এসএভিপি ও ব্যবস্থাপক নিয়ামত উদ্দিন আহমেদ, একই শাখার ম্যানেজার অপারেশন মাসুদুর রহমান সুন্নামত, এফএভিপি এ টি এম সাখাওয়াত হোসাইন ও অফিসার (ক্যাশ) রেহেনা আক্তার খান।
একই ঘটনার অনুসন্ধানের অংশ হিসেবে এ মাসের শুরুতে জনতা ব্যাংকের নয়জন জ্যেষ্ঠ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।