বরিশালে পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. ওয়ারেছের নির্যাতনের শিকার স্ত্রীকে নিরাপত্তার দাবির মধ্য দিয়ে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। অনুষ্ঠানে নির্যাতনের শিকার ওই গৃহবধূকে বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকের জিম্মায় দেওয়া হয়েছে।
গতকাল রোববার বেলা ১১টায় নগরের অশ্বিনী কুমার হলে অনুষ্ঠিত আলোচনা সভায় নির্যাতনের শিকার কিশোরী গৃহবধূকে মঞ্চে ডেকে বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকের জিম্মায় দেন নারীরা।
নারী দিবস উপলক্ষে জেলা প্রশাসন, মহিলাবিষয়ক অধিদপ্তরের আয়োজনে এবং বেসরকারি সংস্থার সহযোগিতায় সম্মিলিতভাবে আলোচনা সভার আয়োজন করা হয়।
জেলা প্রশাসক মো. শহীদুল আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল-৫ আসনের সাংসদ জেবুন্নেছা আফরোজ। বক্তব্য দেন বিভাগীয় কমিশনার মো. গাউস, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বাংলাদেশ মহিলা পরিষদ বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক পুষ্প চক্রবর্তী, উন্নয়ন সংগঠন আভাসের নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজল, মৌসুমী জাহান প্রমুখ।
বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির বিভাগীয় সমন্বয়ক মুনীরা বেগম জানান, ষষ্ঠ শ্রেণিতে পড়া ওই কিশোরীকে জোর করে বিয়ে করেন ওয়ারেছ। কিছুদিন যাওয়ার পর কিশোরীর পরিবার জানতে পারে, ওয়ারেছ আগে আরও দুটি বিয়ে করেছেন। তখন পরিবারের পক্ষ থেকে বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নেওয়া হয়। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে ওয়ারেছ স্ত্রীর ওপর নির্যাতন শুরু করেন। তিন মাস আগে স্ত্রীকে জোর করে কর্মস্থল কাউনিয়ার চৌধুরীপাড়া এলাকার আ. রহিমের ভাড়া বাসায় নিয়ে আসেন ওয়ারেছ। প্রথমে তাঁর স্কুলে যাওয়া বন্ধ করে দেন। এরপর ঘরে তালাবদ্ধ করে রাখেন।
৫ মার্চ বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির অভিযোগের পরিপ্রেক্ষিতে নির্যাতিত পুলিশ সদস্যের বাসভবন থেকে তালাবদ্ধ অবস্থায় স্ত্রীকে উদ্ধার করে কাউনিয়া থানা-পুলিশ।
অভিযুক্ত এসআই মো. ওয়ারেছ বলেন, ‘আমি নির্যাতন করিনি। একটি থাপর মেরেছি। আমি যেহেতু বেশির ভাগ সময় বাইরে থাকি, তাই স্ত্রীকে ঘরে তালাবদ্ধ অবস্থায় রাখা হয়েছে।’