এসআইয়ের পদাবনতি, এএসআইকে চাকরিচ্যুত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দায়িত্ব পালন করতে গিয়ে অস্ত্র ও গুলি খোয়ানোর দায়ে বগুড়ায় পুলিশের এক উপপরিদর্শককে (এসআই) পদাবনতি দিয়ে সহকারী উপপরিদর্শক (এএসআই) করা হয়েছে। নৈতিক স্খলনের দায়ে অপর একজন এসআইকে চাকরিচ্যুত করা হয়েছে।

এ ছাড়া ঘুষ, দুর্নীতিসহ নানা অপরাধে জড়িত থাকার অভিযোগে দুই বছরে বগুড়া পুলিশের ৩৫৯ জন সদস্যের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এএসআই পদে পদাবনতি করা কর্মকর্তার নাম সঞ্জীব সমাদ্দার এবং চাকরিচ্যুত হওয়া কর্মকর্তার নাম আল ইমরান।

পুলিশ সূত্রে জানা গেছে, গত বছরের ১০ সেপ্টেম্বর ঢাকা-রংপুর মহাসড়কের শেরপুর উপজেলার ররোয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্র নিহত হওয়ার জের ধরে বিক্ষুব্ধ লোকজন মহাসড়ক অবরোধ করে। শেরপুর থানার তৎকালীন এসআই সঞ্জীব সমাদ্দারসহ কয়েকজন কর্মকর্তা ঘটনাস্থলে যান। এ সময় সঞ্জীবের কোমরে থাকা আটটি গুলিসহ একটি পিস্তল খোয়া যায়। দায়িত্বে অবহেলার দায়ে তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়। দোষী সাব্যস্ত হওয়ায় ১ আগস্ট পুলিশ সুপারের এক আদেশে তাঁকে এএসআই পদে পদাবনতি দেওয়া হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গত বছর শাজাহানপুর থানার এসআই আল ইমরানের বিরুদ্ধে পরকীয়ায় জড়িত থাকার অভিযোগ পেয়ে সাময়িক বরখাস্ত করে রাজশাহী রেঞ্জ রিজার্ভ ফোর্সে সংযুক্ত করা হয়। সেখান থেকে গোপনে আবারও পরকীয়া করতে এসে ধরা পড়েন ওই কর্মকর্তা। এ ঘটনায় নৈতিক স্খলনসহ শৃঙ্খলা ভঙের অভিযোগে গত বছর তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়।

পুলিশ সুপার মো. মোজাম্মেল হক জানান, গত দুই বছরে নানা অভিযোগে উল্লিখিত দুজনসহ বগুড়ায় পুলিশের ৩৫৯ জন সদস্যের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।