এসআইয়ের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের হাতীবান্ধা থানার উপপরিদর্শক (এসআই) আনিছুর রহমানের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। জড়িত ব্যক্তিদের নাম মামলা ও অভিযোগপত্র থেকে বাদ দেওয়াসহ বিভিন্ন অভিযোগ লালমনিরহাট পুলিশ সুপারের (এসপি) কাছে দাখিল করা হয়েছে।
অভিযোগে বাংলাদেশ গ্রাম প্রতিরক্ষা দল আনসার ও ভিডিপি কমান্ডার আবদুল ওহাব মিয়া, উপজেলা পরিষদের চেয়ারম্যান বদিউজ্জামানসহ ১৮ জন স্বাক্ষর করেছেন।
অভিযোগ থেকে জানা গেছে, গত ৭ সেপ্টেম্বর ২৫ কেজি গাঁজাসহ একটি পিকআপ ভ্যান আটক করে হাতীবান্ধা থানা পুলিশ। পরে ওই থানার এসআই আনিছুর রহমান ঘুষ নিয়ে ও ১০ কেজি গাঁজা রেখে দিয়ে গাড়িটি ছেড়ে দেন। পরে তিনি এক লাখ টাকা ঘুষ নিয়ে ওই গাঁজার মালিকের নাম মামলার এজাহার থেকে বাদ দেন। এর আগে ১৪ কেজি গাঁজা আটকের পর আড়াই কেজি উদ্ধার দেখান তিনি। ওই মামলায়ও ঘুষ নিয়ে তিনি জড়িত ব্যক্তিদের নাম মামলা থেকে বাদ দেন। একইভাবে তিনি আরও বেশ কিছু মাদকসহ বিভিন্ন মামলায় ঘুষ নিয়ে জড়িত ব্যক্তিদের মামলা থেকে এবং অভিযোগপত্র থেকে বাদ দেন। তিনি উপজেলার ১২টি ইউনিয়নের অনেক লোকের কাছ থেকে এক কোটি টাকারও বেশি ঘুষ নিয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
বদিউজ্জামান বলেন, ‘সঠিকভাবে তদন্ত হলে অভিযোগের সত্যতা প্রমাণিত হবে বলে মনে করি।’
এ ব্যাপারে একাধিকবার আনিছুর রহমানের মুঠোফোনে কল দেওয়া হলেও তিনি তা ধরেননি।
পুলিশ সুপার (এসপি) হাবিবুর রহমান বলেন, অভিযোগগুলো তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।