এসআইয়ের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) সাব্বিরুল আলমের বিরুদ্ধে ৪০ হাজার টাকা চাঁদা নেওয়ার অভিযোগ উঠেছে। শহরের আর এস টাওয়ারের এস আবাসিক হোটেলে স্কয়ার ফার্মাসিউটিক্যালস খুলনার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসানের কাছ থেকে পুলিশের ওই এসআই চাঁদা নিয়েছেন বলে জানা গেছে।
ঘটনার প্রতিবাদে গতকাল শনিবার বেলা ১১টায় কর্তৃপক্ষ হোটেল বন্ধ ঘোষণা করে প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয়। পরে পুলিশের হস্তক্ষেপে বেলা দুইটার দিকে হোটেলটি আবার চালু করা হয়।
জানা গেছে, শুক্রবার দিবাগত রাতে সাদা পোশাকে এসআই সাব্বিরুলের নেতৃত্বে তিনজন ওই হোটেলে গিয়ে মেহেদীকে ভয়ভীতি দেখিয়ে ৪০ হাজার টাকা চাঁদা নেন। এ সময় হোটেলের অন্যান্য কক্ষে থাকা লোকজনকেও হেনস্তা করা হয়।
হোটেল আর এসের ব্যবস্থাপক জাকির হোসেন বলেন, মধ্যরাতে হঠাৎ এসআই সাব্বিরুল সাদা পোশাকে হোটেলে এসে সমস্ত কক্ষে ঘুমিয়ে থাকা লোকজনকে উঠিয়ে তল্লাশি শুরু করেন। এ সময় একটি কক্ষে মেহেদী ও তাঁর স্ত্রী ঘুমিয়ে ছিলেন। তাঁদের ঘুম থেকে উঠিয়ে ভয়ভীতি দেখিয়ে তাঁরা ৪০ হাজার টাকা নিয়ে যান। সকালে হোটেলের মালিককে বিষয়টি জানালে তিনি হোটেল বন্ধ করে দেওয়ার নির্দেশ দেন। পরে হোটেলে থাকা লোকজন নেমে গেলে তালা লাগিয়ে দেওয়া হয়। পরে পুলিশের হস্তক্ষেপে তিন ঘণ্টা পর আবার হোটেলের কার্যক্রম শুরু হয়। হোটেলের মালিক এম এইচ সামাদ বলেন, এসআই সাব্বিরুল প্রতিনিয়ত হোটেলে গিয়ে ঝামেলা করেন। প্রায়ই তাঁকে চাঁদা দিতে হয়। পুলিশের আর কোনো কর্মকর্তা এমন আচরণ করেন না। বিষয়টি আগেও পুলিশ সুপারকে জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। অবশেষে পুলিশের চাঁদাবাজির কারণে ব্যবসা বন্ধ করে দেওয়ার উপক্রম হয়েছে।
সাব্বিরুল আলম বলেন, ‘ওই লোকের (মেহিদী হাসান) কাছে ইয়াবা-ফেনসিডিল আছে এমন সংবাদের ভিত্তিতে রাতে আমি ওই হোটেলে অভিযানে গিয়েছিলাম। চাঁদাবাজির অভিযোগ সত্য নয়।’
পুলিশ সুপার জয়দেব ভদ্র বলেন, অভিযোগের পর অতিরিক্ত পুলিশ সুপারকে দায়িত্ব দিয়ে তদন্তের জন্য হোটেলে পাঠানো হয়। প্রাথমিক তদন্তে অভিযোগের কিছুটা সত্যতা পাওয়া গেছে। মেহেদী হাসানের মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তিনি তা ধরেননি।