হাতকড়াসহ আসামির পলায়নের ঘটনায় কর্তব্যে অবহেলার অভিযোগে বগুড়ার ধুনট থানার উপপরিদর্শক (এসআই) ও দুই কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
তাঁরা হলেন এসআই রফিকুল ইসলাম এবং কনস্টেবল আজাদুর রহমান ও হাসেম আলী। গতকাল বুধবার সকালে তাঁদের বগুড়া পুলিশ লাইনসে পাঠানো হয়েছে।
জানতে চাইলে ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, স্থানীয় একটি মসজিদের ইমাম কাজি মতিউর রহমান হত্যাকাণ্ডে আওয়ামী লীগের নেতা আনিছুর রহমানকে (৪২) গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে দুই কনস্টেবলের মাধ্যমে আদালতে পাঠানো হয়। পথে আনিছুর হাতকড়াসহ পালিয়ে যান। এ ঘটনায় মামলার তদন্তকারী কর্মকর্তা ও দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩ জুলাই রাত ১০টার দিকে উপজেলার বলারবাড়ি গ্রামের কাজি মতিউর রহমান বানিয়াগাতি জামে মসজিদে তারাবির নামাজের ইমামতি শেষে বাড়ি ফিরছিলেন। পথে দুর্বৃত্তরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় মতিউরের স্ত্রী মর্জিনা খাতুন বাদী হয়ে ধুনট থানায় মামলা করেন।