কুমিল্লার মুরাদনগর থানার একজন উপপরিদর্শকসহ (এসআই) তিনজনের বিরুদ্ধে চাঁদাবাজি ও হুমকি দেওয়ার অভিযোগে মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে কুমিল্লার ৮ নম্বর আমলি আদালতে মুরাদনগর উপজেলার বড়ুইয়াকুড়ি গ্রামের আলাউদ্দিন (৩০) বাদী হয়ে মামলাটি করেন।
শুনানি শেষে আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম ফাহাদ বিন আমিন চৌধুরী পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) কুমিল্লাকে মামলাটি তদন্তের নির্দেশ দিয়েছেন। অভিযুক্ত ব্যক্তিরা হলেন এসআই আনোয়ার হোসেন এবং বড়ুইয়াকুড়ি গ্রামের গিয়াসউদ্দিন (৩৫) ও আলাউদ্দিন (২৮)।
মামলার আরজি সূত্রে জানা যায়, গত ১৬ সেপ্টেম্বর মামলার বাদী আলাউদ্দিনের ভাগনে শাহিন ও ওয়াসিমের সঙ্গে একই এলাকার গিয়াসউদ্দিন ও আলাউদ্দিনের সংঘর্ষ হয়। সংঘর্ষের পর বাদীর ওই দুই ভাগনেকে আহত অবস্থায় মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। রাত ১১টার দিকে এসআই আনোয়ার হোসেনের উপস্থিতিতে গিয়াসউদ্দিনসহ কয়েকজন চিকিৎসাধীন শাহিন ও ওয়াসিমের ওপর আবার হামলা চালান। আনোয়ার হোসেন হামলাকারীদের গ্রেপ্তার না করে উল্টো শাহিন ও ওয়াসিমকে গ্রেপ্তার করেন। পরদিন গিয়াসউদ্দিনের কাছ থেকে একটি অভিযোগ নিয়ে আলাউদ্দিন ও তাঁর ওই দুই ভাগনের বিরুদ্ধে মামলা নেন। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে শাহিন ও ওয়াসিমকে আদালতে পাঠান।
আলাউদ্দিন অভিযোগ করেন, ‘ওই ঘটনায় আমার করা মামলার পলাতক আসামি গিয়াসউদ্দিনকে থানায় পেয়ে এসআই আনোয়ার গ্রেপ্তার না করে তাঁকে পালাতে সহায়তা করেন। এ নিয়ে কয়েকটি পত্রিকায় সংবাদ প্রকাশিত হলেআনোয়ার ক্ষিপ্ত হয়ে আমার কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। অন্যথায় খুন, ডাকাতিসহ বিভিন্ন মামলায় জড়িয়ে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে হাত-পা ভেঙে দেওয়ার হুমকি দেন। গত শনিবার আসামি গিয়াসউদ্দিনসহ কয়েকজনকে সঙ্গে নিয়ে এসআই আনোয়ার হোসেন বাড়িতে কয়েক দফা অভিযান চালিয়ে আমাকে হয়রানি করেন। পাঁচ লাখ টাকা নিয়ে তাঁর সঙ্গে দেখা না করলে অবস্থা খারাপ হবে বলে আমার মা ও বোনকে হুমকি দেন।’
এসআই আনোয়ার হোসেন বলেন, ‘মামলাটি মিথ্যা ও বানোয়াট। আলাউদ্দিন ও তাঁর দুই ভাগনের বিরুদ্ধে একটি মামলা রয়েছে। সেটির তদন্ত আমি করছি। ওই মামলাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করতে তাঁরা এ মামলাটি করেছেন।’