এসআইসহ দুজন কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৬টি মোটরসাইকেল বিক্রির অভিযোগে দায়ের করা মামলায় দিনাজপুরের বীরগঞ্জ থানার সাবেক উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন ও পুলিশের সোর্স আবু সাঈদকে কারাগারে পাঠানো হয়েছে। দিনাজপুরের অতিরিক্ত জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারকের স্বাক্ষর জাল করে ভুয়া নিলামের কাগজ তৈরি করে ওই মোটরসাইকেলগুলো বিক্রির অভিযোগে গতকাল বুধবার তাঁদের কারাগারে পাঠান বিচারক এফ এম আহসানুল হক।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, এসআই জাহাঙ্গীর ও পুলিশের সোর্স আবু সাঈদ বীরগঞ্জ থানা-পুলিশের হাতে বিভিন্ন সময়ে জব্দ হওয়া থানা চত্বরে থাকা ওই ২৬টি চোরাই মোটরসাইকেল নিলামে ক্রয় করেছে বলে প্রচার করেন। তাঁরা নিলামের বিট লিস্ট, ট্রেজারি চালান ও নিলাম পরিচালনাকারী কর্তৃপক্ষের পরিচয় দেখিয়ে দিনাজপুরের অতিরিক্ত জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারকের সিল স্বাক্ষর জাল করে গত ২৫ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ওই ২৬টি মোটরসাইকেলগুলো নিলামে বিক্রি করে ২৭ লাখ ৫৪ হাজার ৫০০ টাকা আত্মসাৎ করেন। ঘটনার জালিয়াতির শিকার মোটরসাইকেল ক্রেতা বীরগঞ্জ উপজেলার সুজালপুর গ্রামের মো. আবদুল গাফফার গত ৩ মে দিনাজপুর মুখ্য বিচারিক হাকিম আদালতে এসআই জাহাঙ্গীর ও সোর্স আবু সাঈদকে আসামি করে মামলা করেন।
এদিকে যেহেতু আসামিরা বিচারকের স্বাক্ষর ও সিল জাল করে মোটরসাইকেলগুলো ভুয়া নিলামের মাধ্যমে বিক্রি করেছেন, তাই আদালতে মামলার পর সংশ্লিষ্ট আদালতের পক্ষে নাজির মো. মামুন হাসান গত ৯ মে ওই দুই আসামির বিরুদ্ধে দিনাজপুর কোতোয়ালি থানায় মামলা করেন।
আদালতে দায়ের করা মামলাটির বাদীপক্ষের আইনজীবী সাবেক সরকারি কৌঁসুলি মো. হামিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, গতকাল ওই দুটি মামলায় এসআই জাহাঙ্গীর (বর্তমানে রাজশাহীর গোদাগাড়ী থানায় কর্মরত) ও পুলিশ সোর্স আবু সাঈদ আদালতে হাজির হয়ে আইনজীবীদের মাধ্যমে জামিনের আবেদন করেন। শুনানি শেষে তাঁদের জামিন নামঞ্জুর করে দুজনকেই কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক এফ এম আহসানুল হক।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেকুজ্জামান বলেন, ওই দুটি মামলায় আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল।
এর আগে গত ২৯ এপ্রিল প্রথম আলোয় ‘চোরাই যান বিক্রি এসআইয়ের’ শিরোনামে এবং গত ১৩ মে প্রথম আলোয় ‘দিনাজপুরে চোরাই যান বিক্রিতে জালিয়াতি, এসআইয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা’ শিরোনামে দুটি প্রতিবেদন প্রকাশিত হয়।