রাজধানীতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় পুলিশের উপপরিদর্শকসহ (এসআই) চারজন মারা গেছেন। তাঁরা হলেন সবুজবাগ থানার এসআই বিকাশ কুমার ঘোষ (৩৮), গাড়িচালকের সহকারী মো. জুয়েল (২৫), পথচারী আছিয়া খাতুন (৪০) ও মো. সোহেল ব্যাপারী (২৭)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে সবুজবাগ থানার বৌদ্ধমন্দিরের সামনের রাস্তায় পণ্যবাহী একটি পিকআপ বিকল হয়ে যায়। চালকের সহকারী মো. জুয়েল পিকআপের চাকা পাল্টাচ্ছিলেন। এ সময় ওই রাস্তায় যানজট লেগে গেলে সবুজবাগ থানার এসআই বিকাশ বিকল হওয়া পিকআপটির সামনে যানজট নিরসনে কাজ করছিলেন। একপর্যায়ে একটি লরি এসে পিকআপকে ধাক্কা দিলে সেটি পিকআপের চালকের সহকারী জুয়েল ও বিকাশের ওপর পড়ে। স্থানীয় লোকজন পিকআপের নিচ থেকে তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক জুয়েলকে মৃত ঘোষণা করেন। ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে তিনটার দিকে বিকাশ মারা যান।
ময়নাতদন্ত শেষে গতকাল দুপুরে বিকাশের লাশ সৎকারের জন্য ঝিনাইদহের শৈলকূপা উপজেলার ভাটবাড়িয়ায় নিয়ে যান স্বজনেরা।
গতকাল সকাল সোয়া নয়টার দিকে যাত্রাবাড়ীর মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারে টোলপ্লাজার কাছে শ্রাবণ পরিবহনের একটি বাস পথচারী আছিয়া খাতুন ও সোহেল ব্যাপারীকে (২৭) চাপা দেয়। রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।