এসআইয়ের কাণ্ড!
টেম্পোচালকের অপরাধ, পুলিশের উপপরিদর্শকের (এসআই) মোটরসাইকেলের সঙ্গে টেম্পোর সামান্য ধাক্কা লাগে। এই অপরাধে টেম্পোচালককে হাতকড়া পরিয়ে পেটাতে পেটাতে অচেতন করে ফেলেন এসআই। গুরুতর আহত টেম্পোচালক এখন হাসপাতালে।গত শনিবার বরগুনা সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের হাজারবিঘা গ্রামে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, বরগুনা সদর থানার এসআই বনি আমিন শনিবার বিকেল সাড়ে চারটার দিকে একটি মামলার তদন্তকাজে মোটরসাইকেলে করে সদর উপজেলার হাজারবিঘা গ্রামে যাচ্ছিলেন। হাজারবিঘা গ্রামের উপজেলা বাজারের কাছে একটি টেম্পোর সঙ্গে তাঁর মোটরসাইকেলের সামান্য ধাক্কা লাগে। এতে ক্ষিপ্ত হয়ে এসআই বনি দ্রুত মোটরসাইকেল থেকে নেমে টেম্পোচালক তোফাজ্জেলকে (২৭) টেনেহিঁচড়ে রাস্তায় নামিয়ে এনে বেধড়ক পেটাতে শুরু করেন। পরে তোফাজ্জেলকে হাতকড়া পরিয়ে রাস্তার পাশে একটি বিলবোর্ডের খুঁটির সঙ্গে বেঁধে সেখানেও বেদম পেটান। একপর্যায়ে তোফাজ্জেল অচেতন হয়ে পড়েন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করতে গেলে এসআই তাদেরও লাঞ্ছিত করেন। পরে তিনি তোফাজ্জেলকে ওই অবস্থায় ফেলে রেখে চলে যান। এরপর তাঁকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।গতকাল রোববার সকালে হাসপাতালে গিয়ে দেখা যায়, গুরুতর আহত তোফাজ্জেল ব্যথায় কাতরাচ্ছেন। তাঁর সারা শরীরে আঘাতের চিহ্ন। শরীরের অনেক স্থানে ফুলে গেছে।তোফাজ্জেল সাংবাদিকদের বলেন, ‘মোটরসাইকেলে ঘষা লাগছে বলে ওই কর্মকর্তা আমাকে কিলঘুষি মারতে মারতে রাস্তায় ফেলে দেন। তারপর হ্যান্ডকাফ পরিয়ে টেনেহিঁচড়ে নিয়ে লোহার রডের সঙ্গে বেঁধে পেটান।’হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আবদুল মান্নান বলেন, তোফাজ্জেলের শরীরের বিভিন্ন অংশে, বিশেষ করে বুক, পিঠ ও পায়ে আঘাতের চিহ্ন বেশি।এসআই বনি আমিন মারধরের বিষয়টি স্বীকার করে প্রথম আলোকে বলেন, ‘আমার এটা করা ঠিক হয়নি। এ ব্যাপারে পরে বিস্তারিত কথা বলব।’সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন ফকির বলেন, ‘বিষয়টি দুঃখজনক। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’