এসআইয়ের কোটিপতি স্ত্রী!
জয়পুরহাটের কালাই থানার পুলিশের এক উপপরিদর্শকের (এসআই) কোটিপতি স্ত্রীর সন্ধান পেয়েছে দুদক। দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধানে বেরিয়ে এসেছে, উপপরিদর্শক রওশন আলীর স্ত্রী মনোয়ারা বেগমের স্থাবর-অস্থাবর মিলে এক কোটিরও বেশি টাকার সম্পদ রয়েছে।এর আগে পুলিশের ওই কর্মকর্তা ও তাঁর স্ত্রীর সম্পদের তথ্য চেয়ে চিঠি দেয় দুদক। চিঠি পেয়ে মনোয়ারা বেগম ৮০ লাখ টাকার সম্পদের বিবরণী দাখিল করেন। কিন্তু অনুসন্ধানে আরও প্রায় ২৪ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের হদিস পায় দুদক।জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও তথ্য গোপন করায় দুদক রওশন আলী ও মনোয়ারা বেগমের বিরুদ্ধে গত মঙ্গলবার মামলা করে। দুদকের পক্ষে বগুড়া-জয়পুরহাট সমন্বিত কার্যালয়ের উপপরিচালক কামরুল আহসান বাদী হয়ে বগুড়া সদর থানায় মামলাটি করেন।মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, বগুড়া শহরের অভিজাত এলাকা জলেশ্বরীতলার বাসিন্দা ও কালাই থানার পুলিশের উপপরিদর্শক রওশন আলী ও তাঁর স্ত্রী মনোয়ারা বেগম দুদকের কাছে সম্পদের তথ্য গোপন করেছেন।এজাহারে আরও বলা হয়, পুলিশের ওই কর্মকর্তা ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের তথ্য এলে বিষয়টি অনুসন্ধানে মাঠে নামে দুদক। ২০১১ সালের ১১ জুলাই অভিযুক্তদের কাছে সম্পদ, আয়ের উৎস ও দায়দেনা-সম্পর্কিত বিস্তারিত বিবরণী চেয়ে চিঠি দেয় দুদক। চিঠি পেয়ে ওই বছরের ৩১ জুলাই মনোয়ারা বেগম তাঁর ৮০ লাখ ৪৭ হাজার ৬০১ টাকার সম্পদের বিবরণী কমিশনে দাখিল করেন। সম্পদের প্রদত্ত বিবরণী যাচাই করতে গিয়ে দুদক জানতে পারে, মনোয়ারা বেগমের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের পরিমাণ ২৩ লাখ ৯১ হাজার ৭৬৩ টাকা। এ ছাড়া বেশ কয়েকটি প্রতিষ্ঠানের কাছে তিনি দায়দেনার কথা উল্লেখ করেন। কিন্তু তথ্য যাচাই করতে গিয়ে এর কোনো সত্যতা পায়নি দুদক। সম্পদের তথ্য গোপন করায় প্রধান কার্যালয়ের নির্দেশে দুদক তাঁদের বিরুদ্ধে মামলাটি দায়ের করে।কালাই থানার এসআই রওশন আলী বলেন, ‘দুদকে স্ত্রী মনোয়ারা বেগমের যে সম্পদ বিবরণী দাখিল করা হয়েছে, এর বাইরে আমাদের কোনো স্থাবর বা অস্থাবর সম্পদ নেই। দুদকের কাছে সম্পদের তথ্য গোপনের অভিযোগও ঠিক নয়।’জয়পুরহাটের পুলিশ সুপার মোজাম্মেল হক প্রথম আলোকে বলেন, পুলিশের ওই এসআইয়ের বিরুদ্ধে দুদক মামলা করলেও আপাতত তাঁর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তবে দুদক অভিযোগপত্র দাখিল করার পর তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।