এসআইয়ের থাপড়ে স্কুলছাত্র আহত
কিশোরগঞ্জের নিকলী থানার উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামানের চড়-থাপড়ে এক স্কুলছাত্র গুরুতর আহত হয়েছে। সে নিকলী উপজেলার নিকলী জিসি পাইলট উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র। গুরুতর অবস্থায় তাকে নিকলী থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন স্কুলছাত্র মো. আলী জানায়, গত শুক্রবার দুপুরে স্কুলে কম্পিউটার ক্লাস শেষে সে বাড়ি ফিরছিল। পথে দেখা হয় বাজার করে আসা তার বড় বোন রুমার (২০) সঙ্গে। এরপর দুজনে একসঙ্গে বাড়ি যাচ্ছিল। এ সময় হঠাৎ পেছন থেকে এসআই মনিরুজ্জামান তাকে ডাক দেন। সে কাছে গেলে এসআই তাকে বলেন, ‘তোর মা-বোনের বিচার করস না কেন।’ তখন কী হয়েছে, জানতে চাইলে এসআই তাকে চড়-থাপড় মারতে থাকেন। এতে একপর্যায়ে সে মাটিতে লুটিয়ে পড়ে। পরে এলাকার লোকজন ও তার বোন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, আলীর বাঁ কানে বেশি আঘাত লেগেছে। তাকে এক্স-রে করার জন্য বলা হয়েছে।