এসআইয়ের বাসা থেকে গৃহকর্মীর লাশ উদ্ধার
বরিশাল শহরে পুলিশের এক উপপরিদর্শকের (এসআই) বাসা থেকে গতকাল রোববার গৃহকর্মী রাবেয়া বশরীর (১৮) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাবেয়াকে শারীরিক নির্যাতনে হত্যা করা হয়েছে। এখন একে আত্মহত্যা বলে প্রচার করা হচ্ছে। তবে পুলিশ বলছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।পুলিশ জানায়, গোয়েন্দা পুলিশের (ডিবি) বরগুনা জেলায় দায়িত্বরত এসআই শেখ বেল্লাল হোসেন এবং বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের স্টাফ নার্স নাদিরা আক্তারের বাসায় রাবেয়া গৃহকর্মীর কাজ করতেন। গতকাল শহরের আলেকান্দা রোড এলাকার সিঅ্যান্ডবি কোয়ার্টারে এসআইয়ের বাসা থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। রাবেয়া খুলনার রূপসা উপজেলার ভাঙ্গা গ্রামের শেখ মোসাদ্দেক আলীর মেয়ে।নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তি জানান, রাবেয়াকে ওই বাসায় আটকে রাখা হতো, তাঁকে বের হতে দেওয়া হতো না। তাঁদের অভিযোগ, নির্যাতনে মৃত্যু হয়েছে রাবেয়ার। পরে তাঁর গলায় ফাঁস লাগিয়ে লাশ ঝুলিয়ে দিয়ে আত্মহত্যা বলে প্রচার করা হচ্ছে।এ ব্যাপারে কোতোয়ালি মডেল থানার এসআই আবু সাইদ বলেন, রাবেয়ার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে অপমৃত্যুর মামলা হয়েছে।