এসআইয়ের বিরুদ্ধে অটোরিকশাচালককে মারধরের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমানের বিরুদ্ধে সিএনজিচালিত অটোরিকশার এক চালককে মারধর করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার উপজেলার ডাকঘর এলাকায় এ ঘটনা ঘটে। এর প্রতিবাদে ও মিজানুর রহমানের বিচারের দাবিতে অটোরিকশাচালকেরা শিবগঞ্জ-মহাস্থান সড়ক অবরোধ করে রাখেন।ওই অটোরিকশাচালকের নাম মইনুল ইসলাম (২৪)। তাঁর বাড়ি পৌর শহরের মীরেরচক মহল্লায়। তিনি অভিযোগ করেন, গতকাল দুপুরে তিনি এসআই মিজানুর রহমানের স্ত্রীসহ পাঁচজন যাত্রী নিয়ে মহাস্থান বাজার থেকে সিএনজিচালিত অটোরিকশার স্ট্যান্ডে থামেন। এ সময় মিজানুরের স্ত্রী তাঁকে উপজেলা শহরের ডাকঘর এলাকায় বাসা পর্যন্ত পৌঁছে দিতে বলেন। কিন্তু সেখানে পৌঁছে দিতে রাজি না হওয়ায় তিনি তাঁকে গালিগালাজ করেন এবং ফোন করে স্বামীকে এ ঘটনা জানান। বাড়ির কাছে নামিয়ে দিতে গেলে মিজানুর রহমান সেখানে এসে তাঁকে মারধর করেন।এসআই মিজানুর রহমান বলেন, ‘অভিযোগ সত্য নয়। উল্টো ওই চালকই আমার স্ত্রীকে অপমানজনক কথা বলেছে। আমি তাকে মারধর করিনি।’ শিবগঞ্জ সিএনজিচালিত অটোরিকশাচালক সমিতির সভাপতি আবদুল হান্নান জানান, সুষ্ঠু বিচার করা না করলে বড় ধরনের আন্দোলনের ডাক দেওয়া হবে।শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল হক বলেন, অভিযোগকারী ও অভিযুক্ত এসআইয়ের বক্তব্য শুনে এ ঘটনার সুষ্ঠু বিচার করা হবে।