এসআইয়ের বিরুদ্ধে আইনজীবীর মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংবাদিককে লাঞ্ছিত করা এবং আইনজীবী ও নারীদের প্রতি অশালীন মন্তব্য করার অভিযোগে সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক (এসআই) হেকমত আলীর বিরুদ্ধে গতকাল সোমবার আদালতে মামলা হয়েছে। আদালত মামলাটি গ্রহণ করে সাতক্ষীরা জ্যেষ্ঠ বিচারিক হাকিম এরশাদ আলীকে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়ে আগামী ১২ অক্টোবরের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
গতকাল সোমবার সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সভাপতি এম শাহ আলম বাদী হয়ে সাতক্ষীরার ভারপ্রাপ্ত মুখ্য বিচারিক হাকিম শিমুল বিশ্বাসের আদালতে ওই মামলা করেন।
মামলার আর্জিতে বলা হয়েছে, ৪ জুলাই দুপুর ১২টার দিকে এসআই হেকমত আলীর উপস্থিতিতে সাতক্ষীরা সদর উপজেলার কাসেমপুর এলাকার পাঁচ শতক জমি নিয়ে সালিস বৈঠক হয়। সালিসে বাদী হিসেবে স্থানীয় পত্রিকার সাংবাদিক সেলিম হোসেন ও বিবাদী সাতক্ষীরা সদর থানার কাসেমপুর এলাকার ইয়াছিন আলী উপস্থিত ছিলেন। বিবাদী পক্ষে সহায়তার জন্য আইনজীবী আবুল কালাম ও জিয়াউর রহমান উপস্থিত ছিলেন।
বৈঠক চলাকালে এসআই হেকমত আলী ক্ষিপ্ত হয়ে ‘সাংবাদিকরা দেড় টাকা পেলে যেকোনো নিউজ ছাপে’ এমন মন্তব্য করে বাদীকে লাঞ্ছিত করেন। এ সময় তিনি বিবাদী পক্ষের আইনজীবী আবুল কালামকেও ‘উকিলরা তিন টাকা পেলে যেকোনো মামলা করেন’ বলে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এ সময় বিবাদী পক্ষের এক নারীকে নিয়ে হেকমত অশালীন মন্তব্য করেছেন বলেও আর্জিতে অভিযোগ করা হয়েছে।
আইনজীবী এম শাহ আলম বলেন, এই ঘটনায় আইনজীবী, সাংবাদিক ও নারী সমাজের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন করা হয়েছে। আইনজীবীদের অভিযোগ, মামলা দায়েরের খবর পেয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনামুল হক, পুলিশ পরিদর্শক (তদন্ত) নাসিরউদ্দীন ও এসআই বিধান চন্দ্র বিশ্বাসসহ একদল পুলিশ আইনজীবী এম শাহ আলমের অফিস কক্ষে গিয়ে হুমকি ও গ্রেপ্তারের ভয় দেখান।
এসআই হেকমত আলী অভিযোগ অস্বীকার করে বলেন, তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। কে বা কারা আইনজীবী সমিতির সভাপতিকে ভুল বুঝিয়ে এ মামলা করিয়েছেন।
সদর থানার ওসি ইনামুল হক বলেন, ‘পুলিশ সুপারের নির্দেশে মামলা সম্পর্কে খোঁজখবর নিতে আদালতে গিয়েছিলাম। ওই সময় আইনজীবী সমিতির সভাপতির সঙ্গে মামলাসংক্রান্ত কথাবার্তা হয়েছে। তাঁকে হুমকি বা গ্রেপ্তারের ভয় দেখানো হয়নি।’