এসআইয়ের বিরুদ্ধে আটক করা মালামাল আত্মসাতের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) রিপন বালার বিরুদ্ধে আটক করা অবৈধ মালামাল আত্মসাৎ করার অভিযোগ উঠেছে। এমনকি তিনি ওই সব মালামাল জব্দ করার সময় কাউকে আটকও করেননি। স্থানীয় সাংবাদিকসহ একাধিক প্রত্যক্ষদর্শীর বিবরণ অনুযায়ী, এসআই রিপন বালা গত শুক্রবার রাত নয়টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার থানা বাসস্ট্যান্ডে অবস্থান নিয়ে ঢাকাগামী ঈগল পরিবহনের একটি বাস আটক করেন। বাসে তল্লাশি চালিয়ে তিনি বিপুল পরিমাণ ভারতীয় বিস্কুট ও চকলেটসহ বিভিন্ন ধরনের মালামাল আটক করেন। পরে তিনি তা থানায় নিয়ে যাওয়ার কথা বলে বাসচালক, সুপারভাইজার ও চালকের সহযোগীর সহযোগিতায় থানার গাড়ি ও রিকশায় তুলে দেন। অথচ বাসচালক, সুপারভাইজার ও তাঁর সহযোগীর কাউকেই আটক করেননি। নিয়ম অনুযায়ী উপস্থিত লোকজনের সামনে আটক করা মালামালের তালিকা তৈরির কথা থাকলেও তিনি তা-ও করেননি। এ ঘটনায় এসআই রিপন বালা শুক্রবার রাতেই বাদী হয়ে অজ্ঞাতনামা বাসচালক, সুপারভাইজার, চালকের সহযোগীসহ ছয়জনকে আসামি করে মামলা করেছেন। অভিযোগ উঠেছে, মামলায় এসআই তথ্য গোপন ও মনগড়া তথ্য উপস্থাপন করেছেন। রিপন বালা মামলায় উল্লেখ করেছেন, সাভার থানা বাসস্ট্যান্ডে ঈগল পরিবহনের একটি বাস থেকে অবৈধভাবে আনা ভারতের তৈরি বিস্কুট ও চকলেট নামানো হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে তিনি থানা বাসস্ট্যান্ডে যান। কিন্তু পুলিশের গাড়ি দেখে বাসটি (ঢাকা-মেট্রো-ব-১৪-৩২০৯) মালামাল ফেলে রেখে দ্রুত ঢাকার দিকে চলে যায়। পরে উপস্থিত লোকজনের সামনে ওই সব মালামালের তালিকা তৈরি করে থানায় নিয়ে যান। জব্দ করা মালামালের আনুমানিক মূল্য ৯৭ হাজার ৫৩০ টাকা।জানতে চাইলে এসআই রিপন বালা প্রথম আলোকে বলেন, মামলায় উল্লিখিত মালামালের বাইরে আর কোনো মালামাল বাসটিতে ছিল না। তিনি বলেন, ‘অবৈধ মালামাল পরিবহনের দায়ে বাসসহ বাসের সুপারভাইজার ও চালকের সহযোগীকে আটক করা উচিত ছিল। কিন্তু না বুঝে ছেড়ে দিয়েছি। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’