এসআইয়ের বিরুদ্ধে গৃহবধূকে অপহরণ ও ধর্ষণের অভিযোগ
কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানার উপপরিদর্শক (এসআই) মিনহাজ উদ্দিনের বিরুদ্ধে এক প্রবাসীর স্ত্রীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ওই গৃহবধূর বাবা গত মঙ্গলবার এসআই মিনহাজের বিরুদ্ধে কিশোরগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেছেন।আদালত মামলাটি গ্রহণ করে থানার ওসিকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।পারিবারিক সূত্রে জানা গেছে, তিন বছর আগে বিয়ের পর ওই গৃহবধূর স্বামী দুবাই চলে যান। গত নভেম্বরে উপজেলার ভিটিপাড়া গ্রামের মইন উদ্দিন তাঁকে জোর করে অন্যত্র নিয়ে একটি স্ট্যাম্পে স্বাক্ষর নেন। পরে মইন জানান, ইসলামি শরিয়া মতে তাঁদের বিয়ে হয়ে গেছে। মইন তাঁকে নিজ বাড়িতে নিয়ে যান। বাড়িতে গিয়ে ওই গৃহবধূ জানতে পারেন, মইনের একাধিক স্ত্রী রয়েছে। এ ঘটনায় গত ৫ জানুয়ারি ওই নারীর বাবা বাদী হয়ে মইনসহ চারজনকে আসামি করে আদালতে মামলা করেন। আদালতের নির্দেশে থানায় মামলাটি নথিভুক্ত করা হয়। মামলার তদন্ত কর্মকর্তার দায়িত্ব দেওয়া হয় এসআই মিনহাজকে।মামলার বাদী জানান, মামলার সাক্ষ্য নিতে মিনহাজ একাধিকবার তাঁর বাড়িতে যান। পরে মিনহাজ তাঁর মেয়েকে নিয়ে থানায় যেতে খবর পাঠান। গত ২৪ জানুয়ারি তিনি মেয়েকে নিয়ে থানায় যান। মিনহাজের কক্ষে বসার পর মেয়েকে জিজ্ঞাসাবাদ করবে বলে তাঁকে (বাবা) চলে যেতে বলেন। আধা ঘণ্টা পরে এসে তিনি মেয়ে কোথায় আছে জানতে চাইলে মিনহাজ তাঁকে গালিগালাজ করে থানা থেকে বের করে দেন।ওই গৃহবধূর বাবা প্রথম আলোকে বলেন, ‘এসআই মিনহাজ অসৎ উদ্দেশ্যে কৌশলে আমাকে কক্ষ থেকে বের করে দিয়ে জোর করে আমার মেয়েকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যান। পরে আমার মেয়েকে আটকে রেখে ধর্ষণ করেন।’ তাঁর মেয়েকে হত্যা করা হয়েছে বলে তিনি ধারণা করছেন। বাদী আরও জানান, এ ঘটনায় গত সোমবার পাকুন্দিয়া থানায় মামলা করতে গেলে ওসি তাঁকে বের করে দেন। তবে এসআই মিনহাজ অভিযোগ অস্বীকার করে বলেন, ‘ওই নারী সম্ভবত মইনের সঙ্গে চলে গেছেন।’ওসি মো. হাম্মাদ হোসেন জানান, আদালতের আদেশ পেলে তদন্ত করে প্রতিবেদন দাখিল করা হবে।