এসআইয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিচারক ও বদলি হওয়া ব্যাংক কর্মকর্তার সিল-স্বাক্ষর জাল করে ২২টি ‘চোরাই’ মোটরসাইকেল বিক্রির অভিযোগে পুলিশের উপপরিদর্শক (এসআই) এস এম জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে দুটি মামলা হয়েছে। একটি মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
গত সোমবার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের নাজির মো. মামুন হাসান দিনাজপুর কোতোয়ালি থানায় এবং মোটরসাইকেলের ক্রেতা আ. গফ্ফার আমলি আদালত-২-এ মামলা করেছেন। আ. গফ্ফারের করা মামলায় এসআই জাহাঙ্গীরের বিরুদ্ধে পরোয়ানা জারি করেন আদালত।
এদিকে বিচারকের স্বাক্ষর জাল করে মোটরসাইকেল বিক্রির ঘটনায় মামলা না করায় বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে লিখিত জবাব চেয়ে গত সোমবার নোটিশ দেন মুখ্য বিচারিক হাকিম এফ এম আহসানুল হক। আদালত থেকে বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে বলে আদালত সূত্রে জানা গেছে।
জানতে চাইলে বীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর হোসেন গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, তিনি কোনো নোটিশ পাননি।
দিনাজপুর অতিরিক্ত মুখ্য বিচারিক আদালত সূত্রে জানা গেছে, আ. গফ্ফার এসআই জাহাঙ্গীরসহ পুলিশের কথিত তথ্যদাতা (সোর্স) আবু সাইদকে আসামি করে মামলা করেছেন। মামলায় মোটরসাইকেলের ১৩ জন ক্রেতা ফৌজদারি কার্যবিধির ২০০ ধারায় আদালতে জবানবন্দি দিয়েছেন।
এসআই জাহাঙ্গীর আলম বর্তমানে রাজশাহী রেঞ্জের গোদাগাড়ি থানায় কর্মরত। দিনাজপুরের বীরগঞ্জ থানায় কর্মরত থাকা অবস্থায় জাহাঙ্গীর দিনাজপুর অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম এফ এম আহসানুল হক এবং সোনালী ব্যাংক করপোরেট শাখার এক কর্মকর্তার স্বাক্ষর জাল করে এসব অনিয়ম করেন বলে মোটরসাইকেলের ক্রেতা, থানা ও আদালত সূত্রে জানা গেছে। এ ঘটনায় গত ২৯ এপ্রিল প্রথম আলোয় ‘চোরাই যান বিক্রি এসআইয়ের’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।
বীরগঞ্জ থানা সূত্রে জানা যায়, জাহাঙ্গীর আলম ২০১৪ সালের ২৫ মে দিনাজপুরের নবাবগঞ্জ থানা থেকে বীরগঞ্জ থানায় যোগদান করেন। বীরগঞ্জ থানা থেকে এ বছরের ৩ মার্চ গোদাগাড়ি থানায় বদলি হন। মুখ্য বিচারিক হাকিম কার্যালয় সূত্রে জানা যায়, বিচারক এফ এম আহসানুল হক ২০১৫ সালের ২৩ আগস্ট দিনাজপুরে যোগদান করেন। এরপর ওই বছরের ২৫ ডিসেম্বর আদালত থেকে বীরগঞ্জ থানার পাঁচটি মোটরসাইকেল নিলামের জন্য অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম এফ এম আহসানুল হককে নিযুক্ত করা হয়। এরপর ওই আদালত থেকে কোনো মোটরসাইকেল নিলাম করার নির্দেশ দেওয়া হয়নি। সূত্র জানায়, নিলামের কাগজে এফ এম আহসানুল হকের যে স্বাক্ষর ও আদালতের সিল ব্যবহার করা হয়েছে, তা জাল। যে স্মারক ব্যবহার করা হয়েছে, তা ভুয়া। এ ছাড়া দিনাজপুর সোনালী ব্যাংকের করপোরেট শাখায় মোটরসাইকেল নিলামের টাকা জমা দেওয়ার যে রসিদ ব্যবহার করা হয়েছে, সেটিও ভুয়া। ওই রসিদে যে ব্যাংক কর্মকর্তার স্বাক্ষর ব্যবহার করা হয়েছে, তিনি গত বছরের এপ্রিল মাসে অন্যত্র বদলি হয়ে যান।