এসআইয়ের বিরুদ্ধে রিকশাচালককে লাথি মারার অভিযোগ, অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রিকশাচালককে লাথি মারার প্রতিবাদে রংপুরের তারাগঞ্জে পুলিশের এসআইয়ের বিরুদ্ধে রিকশাচালকসহ স্থানীয় লোকজন রংপুর-সৈয়দপুর মহাসড়ক অবরোধ করেন। তারাগঞ্জ বাসস্ট্যান্ড থেকে গতকাল বিকেলে তোলা ছবি  l প্রথম আলো
রিকশাচালককে লাথি মারার প্রতিবাদে রংপুরের তারাগঞ্জে পুলিশের এসআইয়ের বিরুদ্ধে রিকশাচালকসহ স্থানীয় লোকজন রংপুর-সৈয়দপুর মহাসড়ক অবরোধ করেন। তারাগঞ্জ বাসস্ট্যান্ড থেকে গতকাল বিকেলে তোলা ছবি l প্রথম আলো

রংপুরের তারাগঞ্জ উপজেলায় এক রিকশাচালককে উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান (১) লাথি মেরে আহত করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে স্থানীয় লোকজন ও রিকশাচালকেরা গতকাল বুধবার বিকেলে মহাসড়ক অবরোধ করে রাখেন। এতে যানজটের সৃষ্টি হয়।
কয়েকজন প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের গাড়িবহর গতকাল বিকেল পৌনে চারটার দিকে রংপুর থেকে রংপুর-সৈয়দপুর মহাসড়কের তারাগঞ্জের ওপর দিয়ে সৈয়দপুর যাচ্ছিল। এ কারণে তারাগঞ্জের চৌপথি বাসস্ট্যান্ড এলাকায় পুলিশ তৎপর হয়ে ওঠে। এ সময় রিকশা সরাতে দেরি হওয়ায় এসআই মিজানুর সৈয়দপুরের ঢোলিয়া গ্রামের রিকশাচালক নিপেন্দ্রনাথকে (৫০) উপর্যুপরি লাথি মারেন। এ ঘটনায় আশপাশের লোকজন ও রিকশাচালকেরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। ততক্ষণে মন্ত্রীর গাড়িবহর ওই স্থান দিয়ে সৈয়দপুরের দিকে চলে যায়। খবর পেয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোক ও রিকশাচালকদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে মহাসড়কে দাঁড়িয়ে যান। তাঁরা বিকেল ৪টা থেকে ৪টা ২০ মিনিট পর্যন্ত ওই বাসস্ট্যান্ডের কাছে মহাসড়ক অবরোধ করেন। এতে মহাসড়কের দুই দিকে শত শত যানবাহন আটকা পড়ে। ২০ মিনিট পর উপজেলা চেয়ারম্যান নিজে মহাসড়ক থেকে সরে যান ও বিক্ষুব্ধ লোকজনকে শান্ত করে মহাসড়ক থেকে সরিয়ে নেন।
উপজেলা চেয়ারম্যান আনিছুর বলেন, ‘ওই এসআই অন্যায়ভাবে রিকশাচালককে লাথি মেরেছেন। ঘটনাটি জানার পর ঘটনাস্থলে গিয়ে ক্ষুব্ধ রিকশাচালক ও স্থানীয় লোকজনের সঙ্গে একাত্মতা ঘোষণা করে এসআইয়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছি।’
রিকশাচালক নিপেন্দ্রনাথ বলেন, ‘বিনা দোষে পুলিশ মোর রিকশার চাকার হাওয়া ছাড়ি দিছে। মোক পাও দিয়া লাথিও মারছে। এ্যাতে মুই পড়ি গেছনুং। এ্যালা গাও বিষাওছে।’
এ ব্যাপারে এসআই মিজানুর বলেন, ‘ঘটনাস্থল থেকে দুই কিলোমিটার দূরে স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়িবহর ছিল। আমি বারবার ওই রিকশাচালককে মহাসড়ক থেকে রিকশা সরাতে বলেছি। না শোনায় রিকশায় ধাক্কা দিয়েছি। রিকশাচালককে লাথি মারিনি।’
তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ মিঞা বলেন, ‘সামান্য ভুল–বোঝাবুঝির কারণে ওই ঘটনা ঘটেছে। ওই এসআইয়ের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে।’