এসআইয়ের বিরুদ্ধে শ্লীলতাহানির মামলা
বরগুনায় গোয়েন্দা পুলিশের এক উপপরিদর্শকের (এসআই) বিরুদ্ধে এক কলেজছাত্রীসহ দুজনকে মারধর এবং তাঁদের একজনের শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় করা অভিযোগ আমলে নিয়ে আদালত ঘটনার বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন।
গত সোমবার সকালে বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলাটি করেছেন ঘটনার শিকার দুজনের মা। এতে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) এসআই মো. আবু জাফর ও খলিলুর রহমান নামে এক ব্যক্তির নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা পাঁচ-ছয়জনকে আসামি করা হয়েছে।
ঘটনার শিকার দুজনের বাড়ি বরগুনা সদর ইউনিয়নের একটি গ্রামে। মারধরে আহত কলেজছাত্রী (১৭) বর্তমানে বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
মামলায় বাদী বলেছেন, ২০০৯ সালে তাঁর বড় মেয়ের বিয়ে হয়। বিয়ের পর থেকে জামাতা খলিলুর রহমান যৌতুকের জন্য মেয়েটির ওপর নির্যাতন চালিয়ে আসছিলেন। মেয়েটি ১ জুন বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন। এতে ক্ষিপ্ত হয়ে খলিল গত শনিবার রাত ১০টার দিকে পাঁচ-ছয়জন সহযোগী ও কয়েকজন পুলিশ নিয়ে তাঁদের বাড়িতে আসেন। তাঁরা বাদীর ছেলে মাদকে জড়িত দাবি করে হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। বাধা দিতে গেলে বাদীর দুই মেয়ের ওপর হামলা হয়। এ সময় ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) আবু জাফর বাড়িতে প্রবেশ করে হামলাকারীদের সঙ্গে যোগ দেন। ধস্তাধস্তির একপর্যায়ে আবু জাফর কলেজপড়ুয়া মেয়েটির তলপেটে লাথি মারেন এবং টেনেহিঁচড়ে বাইরে নিয়ে যান। এ ছাড়া তার পরনের জমা-কাপড় ছিঁড়ে ফেলেন। হামলাকারীদের হাতে তাঁর বড় মেয়েও মারধরের শিকার হন।
তবে এসআই আবু জাফর বলেন, পুলিশের দুজন সোর্স এবং ডিবি পুলিশের কয়েকজন সদস্য ওই বাড়িতে গিয়ে ছেলেটিকে ১০০ ইয়াবা বড়িসহ আটক করেন। তাঁকে ধরে আনার সময় পরিবারের সদস্যরা বাধা দিলে কিছুটা ধস্তাধস্তি হয়।
একই অভিযোগ এনে বাদীর বড় মেয়ে গতকাল বেলা একটার দিকে বরগুনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন। এ সময় লিখিত বক্তব্যে বলা হয়, স্বামীর বিরুদ্ধে যৌতুক ও নির্যাতনের জন্য মামলা করায় এসব ঘটনা ঘটেছে। তাঁর নিরপরাধ ভাইকে (২৭) মাদকদ্রব্য দিয়ে ফাঁসানোর চেষ্টা হয়েছে। ছেলেটি বরগুনা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ থেকে ডিএইচএমএস কোর্স শেষ করে বর্তমানে একটি চেম্বারে শিক্ষানবিশ হিসেবে কাজ করছেন।