ঢাকার কেরানীগঞ্জে গত বুধবার রাতে পুলিশের এক উপপরিদর্শকের (এসআই) স্ত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার নারায়ণগঞ্জ ও মানিকগঞ্জে উদ্ধার করা হয়েছে আরও দুই গৃহবধূর লাশ। তাঁদের পরিবারের অভিযোগ, এটি হত্যাকাণ্ড। তবে স্বামীদের দাবি, তাঁদের স্ত্রীরা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।গৃহবধূরা হলেন: ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের মালখানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসআই শফিকুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মাহফুজা আলম (৩৮), নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়া এলাকার রঞ্জু মিয়ার স্ত্রী লিজা আক্তার (২০) ও মানিকগঞ্জ সদর উপজেলার উত্তর তরা গ্রামের আবদুস সালামের স্ত্রী নিলুফার ইয়াছমিন (২২) আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:কেরানীগঞ্জ: এসআই শফিকুল দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ হাউজিংয়ের একটি বাড়িতে মাহফুজা ও তিন ছেলেমেয়ে নিয়ে ভাড়া থাকেন। শফিকুল সাংবাদিকদের কাছে দাবি করেন, ‘রাতে আমি বাসার অন্য কক্ষে ছিলাম। তিন ছেলেমেয়ে আরেক কক্ষে ঘুমিয়ে ছিল। রাত নয়টার দিকে দেখি, বেডরুমের ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় স্ত্রীর লাশ ঝুলে আছে।’তবে নিহত মাহফুজার বড় ভাই হিরন মিয়া অভিযোগ করেন, ‘শফিক পরিকল্পিতভাবে আমার বোনকে হত্যা করে ফাঁস দিয়ে আত্মহত্যার নাটক সাজাচ্ছেন।’ তিনি বলেন, শফিক প্রায়ই তাঁর বোনকে মারধর করতেন। এমনকি কখনো বাবার বাড়িতে যেতে দিতেন না। এ নিয়ে একাধিকবার সালিস বৈঠক হয়। কিছুদিন আগে শফিক তাঁর বোনকে তালাক দেন। পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ করার পর তাঁরা বিষয়টি মীমাংসা করে দেন এবং শফিক তাঁর বোনকে ঘরে তুলে নেন। হিরনের অভিযোগ অস্বীকার করেছেন এসআই শফিক।নাম প্রকাশে অনিচ্ছুক এসআই শফিকুলের এক প্রতিবেশী প্রথম আলোকে বলেন, ‘বুধবার রাত সাড়ে ১১টার দিকে শফিকুলের ঘরের মেঝেতে মাহফুজার পা রশি দিয়ে বাঁধা দেখেছি। তখন দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই মো. হাফিজ পায়ের ওই বাঁধন খুলছিলেন।’ ওই প্রতিবেশী প্রশ্ন করেন, ‘পা বাঁধা অবস্থায় আত্মহত্যা করে কীভাবে?’তবে লাশের সুরতহাল প্রস্তুতকারী এসআই মো. হাফিজ বলেন, ‘এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে বুধবার রাত ১২টার দিকে শফিকুলের স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করি। ওই সময় লাশের পা বাঁধা ছিল না।’ দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।নারায়ণগঞ্জ: নিহত লিজা আক্তার বন্দর উপজেলার কল্যাণদী এলাকার সিরাজুল ইসলামের মেয়ে। লিজার মা নাসিমা আক্তার বলেন, দেড় বছর আগে রঞ্জু মিয়ার সঙ্গে তাঁর মেয়ের বিয়ে হয়। কিছুদিন ধরে রঞ্জু এক লাখ টাকা যৌতুকের জন্য তাঁর মেয়েকে চাপ দিচ্ছিলেন। গতকাল ভোরে রঞ্জু তাঁকে ফোন করে জানান, লিজা অসুস্থ হয়ে পড়েছেন। তাঁকে দ্রুত আসতে বলেন। তিনি নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ার বাসায় গিয়ে দেখেন, দাফনের জন্য তাঁর মেয়ের লাশ গোসল করানো হচ্ছে। নাসিমা অভিযোগ করেন, যৌতুকের দাবিতে রঞ্জু ও তাঁর পরিবারের লোকজন লিজাকে শ্বাসরোধ করে হত্যা করেছেন।নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের বলেন, গোসল করানোর খাট থেকে লিজার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহরের জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তাঁর গলায় আঘাতের চিহ্ন রয়েছে। বিষয়টি আত্মহত্যা নাকি হত্যা, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। রঞ্জু মিয়াকে আটক করা হয়েছে। এ ব্যাপারে অপমৃত্যুর মামলা করা হয়েছে।আটক রঞ্জু মিয়া সাংবাদিকদের বলেন, ‘ভোরে ঘুম থেকে উঠে দেখি, ফ্যানের সঙ্গে লিজার লাশ ঝুলছে।’ এর বেশি কিছু তিনি বলেননি।মানিকগঞ্জ: পুলিশ ও পরিবার জানায়, সাত মাস আগে সদর উপজেলার উত্তর তরা গ্রামের আবদুস সালাম একই উপজেলার ভাটবাউর গ্রামের নিখিল কর্মকারের মেয়ে নিলুফাকে দ্বিতীয় বিয়ে করেন। বিয়ের পর থেকে সালাম নিলুফাকে প্রায়ই মারধর করতেন। গতকাল রাত আটটার দিকে শ্বশুরবাড়ির একটি ঘরে নিলুফারের ঝুলন্ত লাশ দেখা যায়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়। নিলুফার ভগ্নিপতি বশির আহমেঞ্চদ বলেন, বিয়ের পর থেকে সালাম তাঁর শ্যালিকা নিলুফাকে প্রায়ই মারধর করতেন। তিনি অভিযোগ করেন, হত্যার পর সালাম নিলুফাকে ঝুলিয়ে রাখেন। সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. আওলাদ হোসেন বলেন, এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। লিখিত অভিযোগ এবং ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মামলার পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।