এসএ গেমসে কলসিন্দুরের পাঁচ মেয়ে
বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের হয়ে খেলতে গতকাল বুধবার ভারতে গেছে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার কলসিন্দুরের পাঁচ মেয়ে। এলাকার পাঁচ মেয়ে ভারতে এসএ গেমসে খেলার সুযোগ পাওয়ায় উচ্ছ্বসিত কলসিন্দুরের বাসিন্দারা।
কলসিন্দুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও মেয়ে ফুটবলারদের স্থানীয় প্রশিক্ষক মফিজ উদ্দিন জাতীয় দলের কোচের বরাত দিয়ে দলটির ভারতে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। ভারতে যাওয়া কলসিন্দুরের পাঁচ মেয়ে হলো মারিয়া মান্দা, মার্জিয়া আক্তার, শিউলি আজিম, সানজিদা আক্তার ও শামছুন্নাহার। এই পাঁচজনসহ কলসিন্দুরের মোট ১০ জন মেয়ে ফুটবলার বাংলাদেশ অনূর্ধ্ব-১৪ ফুটবল দলেরও সদস্য। গত ২০ ডিসেম্বর নেপালে অনুষ্ঠিত এএফসি অনূর্ধ্ব-১৪ আঞ্চলিক ফুটবলের ফাইনালে নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। ওই খেলায় একমাত্র গোলটি করেন কলসিন্দুরের মেয়ে মার্জিয়া।
পাঁচজন মেয়ে জাতীয় দলে সুযোগ পাওয়ায় উচ্ছ্বসিত কলসিন্দুরের সব শ্রেণিপেশার মানুষ। তাদের চাওয়া বাংলাদেশ দলের সাফল্য। প্রশিক্ষক মফিজ উদ্দিন বলেন, ‘পাঁচজন মেয়ে জাতীয় দলে খেলার সুযোগ পাওয়া আমরা খুবই আনন্দিত। ভবিষ্যতে যেন কলসিন্দুর থেকে আরও বেশি মেয়ে জাতীয় দলে সুযোগ পায়, সেই আশা করি।’
২০১১ সালে প্রথমবারের মতো প্রাথমিক বিদ্যালয়ের মেয়েদের জন্য আয়োজন করা হয় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট। ওই টুর্নামেন্ট সামনে রেখে কলসিন্দুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেয়েরা ফুটবল খেলতে শুরু করে। বিদ্যালয়ের সহকারী শিক্ষক মফিজ উদ্দিন তাদের প্রশিক্ষণ দেন। ২০১৩ ও ২০১৪ সালে টানা দুবার ওই টুর্নামেন্টের জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয় কলসিন্দুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রাথমিকের গণ্ডি পার হয়ে বর্তমানে ওই মেয়েরা কলসিন্দুর স্কুল অ্যান্ড কলেজের স্কুল শাখায় পড়ছে। অব্যাহত রয়েছে মফিজ উদ্দিনের তত্ত্বাবধানে তাদের ফুটবল অনুশীলন।
ময়মনসিংহ জেলা নারী ফুটবল দলের মোট ১৮ জন খেলোয়াড়ই এখন কলসিন্দুরের। সর্বশেষ এসএ গেমসের প্রস্তুতির জন্য জাতীয় ফুটবল দলের প্রাথমিক ক্যাম্পে ডাক পায় কলসিন্দুরের ওই পাঁচ ফুটবলার। দীর্ঘ তিন মাস জাতীয় দলের ক্যাম্পে অনুশীলন করার পর মূল দলে স্থান পায় তারা।
কলসিন্দুরের মেয়েদের সাফল্য নিয়ে গত বছরের ২২ আগস্ট প্রথম আলোয় শনিবারের বিশেষ প্রতিবেদন প্রকাশিত হয়। প্রথম আলোর ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রথম আলো তৈরি করে ‘অদম্য মেয়েরা’ নামের একটি প্রামাণ্যচিত্র। এটি বাংলাদেশের বিভিন্ন টেলিভিশনে প্রচার করা হয়। বর্তমানে কলসিন্দুরের ১৯ জন মেয়ে ফুটবলারকে প্রথম আলোর পক্ষ থেকে প্রতি মাসে বিশেষ বৃত্তি দেওয়া হচ্ছে।