এসএ গেমসে রৌপ্যজয়ী বিউটিকে সংবর্ধনা
সাউথ এশিয়ান (এসএ) গেমসে বাংলাদেশের হয়ে আরচারিতে রৌপ্যপদকজয়ী নীলফামারীর মেয়ে বিউটি রায়কে গতকাল মঙ্গলবার নীলফামারী শিল্প ও বণিক সমিতি সংবর্ধনা দিয়েছে। সন্ধ্যায় চেম্বার ভবনের সম্মেলনকক্ষে এ সংবর্ধনা দেওয়া হয়।
৯ ফেব্রুয়ারি ভারতের শিলংয়ে জওহরলাল নেহরু ক্রীড়া কমপ্লেক্সে অনুষ্ঠিত ওই গেমসে রৌপ্য পান বিউটি রায়।
সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নীলফামারী শিল্প ও বণিক সমিতির সভাপতি এস এম শফিকুল আলম। বক্তব্য দেন চেম্বারের সাবেক সভাপতি আবদুল ওয়াহেদ সরকার, সাংবাদিক মীর মাহমুদুল হাসান, আতিয়ার রহমান, বিউটির বাবা দিপু রাম রায়, উপসহকারী কৃষি কর্মকর্তা মহসিন রেজা, জেলা সার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক তাপস কুমার সাহা প্রমুখ।
শফিকুল আলম বলেন, ‘বিউটি শুধু নীলফামারীর গর্ব নয়, সে গোটা জাতির গর্ব। পাশাপাশি আমরা নীলফামারীবাসী তার কৃতিত্বে আরও বেশি গর্বিত।’ এ সময় তাঁর অধিকতর সাফল্যের জন্য সার্বিক সহায়তার আশ্বাস দেন শফিকুল।
বিউটি ২০০৯ সালে দ্বিতীয় সাউথ এশিয়ান আরচারিতে জীবনের প্রথম রৌপ্যপদক অর্জন করেন। পরে ওই বছরে পঞ্চম এশিয়ান আরচারিতে ব্রোঞ্চ ও ২০১৩ সালে বাংলাদেশ গেমসে স্বর্ণপদক পান। তিনি থাইল্যান্ড, ইতালি, চীন, সিঙ্গাপুর, ভারতসহ ১০টি দেশে এ প্রতিযোগিতায় অংশ নেন।