এসএ পরিবহনের গাড়ি আটকে ১২ লাখ টাকা ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে এসএ পরিবহনের গাড়ি আটকে সাড়ে ১২ লাখ টাকা ছিনতাই হয়েছে। গত শনিবার মধ্যরাতে নগরের সোবহানীঘাট এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় এসএ পরিবহনের কদমতলী শাখার ব্যবস্থাপক ও গাড়ির চালকের সহকারীকে কুপিয়ে আহত করে ছিনতাইকারীরা। আহত দুজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, দক্ষিণ সুরমার কদমতলী থেকে নগদ টাকা ও মালামাল নিয়ে এসএ পরিবহনের একটি গাড়ি নগরের জিন্দাবাজারে প্রধান শাখায় যাচ্ছিল। সোবহানীঘাট এলাকায় মোটরসাইকেলযোগে একদল ছিনতাইকারী ঢিল ছুড়ে গাড়ির কাচ ভেঙে গতি রোধ করে। গাড়িতে থাকা ব্যবস্থাপক খসরুজ্জামান ও চালকের সহকারীকে কুপিয়ে টাকা ভর্তি ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। খবর পেয়ে সোবহানীঘাট ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই ছিনতাইকারীরা ঘটনাস্থল ত্যাগ করে। ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আশরাফুজ্জামান জানান, এসএ পরিবহনের ক্ষতিগ্রস্ত গাড়িটি কোতোয়ালি থানায় নিয়ে যাওয়া হয়েছে।