এসএনসি-লাভালিনের দুই কর্মকর্তার বিরুদ্ধে শুনানি চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মা সেতুর কাজ পেতে ঘুষ দিতে চাওয়ার অভিযোগে এসএনসি-লাভালিনের দুই সাবেক কর্মকর্তার বিরুদ্ধে মামলার শুনানি আবার শুরু হয়েছে। কানাডার অন্টারিওর কোর্ট অব জাস্টিসের একটি আদালতে চলা এ শুনানি ১৯ এপ্রিল পর্যন্ত চলবে। ৮ এপ্রিল শুনানি শুরু হলেও এ-সংক্রান্ত কোনো সংবাদ প্রকাশিত হচ্ছে না। আদালত মামলার কার্যক্রম নিয়ে কোনো সংবাদ প্রচারের ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন। সরকারপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলে জানা গেছে।আদালতে চলা এ শুনানি প্রাথমিক বলে কানাডার পত্রিকায় প্রকাশিত হয়েছে। এ দফা শুনানি শেষে আদালত জানাবেন, এসএনসি-লাভালিনের সাবেক দুই কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ আনার মতো যথেষ্ট প্রমাণ আছে কি না। সাবেক এই কর্মকর্তা হলেন রমেশ শাহ ও মোহাম্মদ ইসমাইল। তাঁদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে, পদ্মা সেতু নির্মাণ তদারকির কাজ পেতে বাংলাদেশি কর্মকর্তাদের ঘুষ দিতে চেয়েছিলেন তাঁরা। বাংলাদেশেও এ দুজনসহ প্রতিষ্ঠানটির আরেক সাবেক কর্মকর্তা কেভিন ওয়ালেসের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এদিকে, দুর্নীতি দমন কমিশনের (দুদক) দুই সদস্যের কানাডা যাওয়া নিয়েও বিভ্রান্তি দেখা দিয়েছে। দুদকের নথি অনুযায়ী ফেডারেল কোর্ট অব মন্ট্রিলে শুনানি হবে। এমনকি দুদকের দুই প্রতিনিধির সরকারি আদেশেও একই কথা লেখা রয়েছে। অথচ এ নামে কোনো আদালত কানাডায় নেই। এসব বিভ্রান্তির কারণে এখন ভিসাও পাননি দুদকের আইনজীবী আনিসুল হক এবং দুদকের উপপরিচালক ও সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তা মীর্জা জাহিদুল ইসলাম।