এসএনসি-লাভালিনের প্রতিনিধিকে দুদকের জিজ্ঞাসাবাদ
আত্মীয়তার সূত্র ধরে সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনের সঙ্গে সেতু ভবনে দেখা করেছিলেন কানাডাভিত্তিক প্রতিষ্ঠান এসএনসি-লাভালিনের বাংলাদেশের প্রতিনিধির (সাব-কনসালট্যান্ট) দায়িত্ব পাওয়া জিয়াউল হক। এই যোগাযোগটা করিয়ে দিয়েছিলেন সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী। সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে আত্মীয়তার সম্পর্ক রয়েছে জিয়াউল হকের।গতকাল সোমবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) জিজ্ঞাসাবাদে তদন্ত কর্মকর্তাদের এসব তথ্য দেন জিয়াউল হক। জিজ্ঞাসাবাদের সময় তাঁর ছেলে এবং জিয়াউল হকের ব্যবসাপ্রতিষ্ঠান—ইঞ্জিনিয়ারিং অ্যান্ড প্ল্যানিং কনসালট্যান্ট কোম্পানি লিমিটেডের (ইপিসিসিএল) উপব্যবস্থাপনা পরিচালক মো. মোস্তফা উপস্থিত ছিলেন। পদ্মা সেতু প্রকল্পে ঘুষ দেওয়ার পরিকল্পনার অভিযোগের বিষয়ে দুদক তাঁদের জিজ্ঞাসাবাদ করে। এর আগে আবুল হাসান চৌধুরীকে জিজ্ঞাসাবাদ করে দুদক। দুদক সূত্র জানায়, নিজেকে নির্দোষ দাবি করেছেন জিয়াউল হক। তিনি জানান, আবুল হোসেনের সঙ্গে ব্যক্তিগত পরিচয় না থাকায় সেতু ভবনে আবুল হাসান চৌধুরীকে তিনি নিয়ে যান।প্রথম আলোর পক্ষ থেকে মুঠোফোনে যোগাযোগ করা হলে ইপিসিসিএলের উপব্যবস্থাপনা পরিচালক মো মোস্তফা বলেন, ‘দুদকের জিজ্ঞাসাবাদে আমরা জানিয়ে দিয়েছি, এসএনসি-লাভালিনের কমিশন দিতে চাওয়া বা অন্য কোনো কর্মকাণ্ডের কথা আমাদের জানা নেই।’