এসএনসি-লাভালিনের সাবেক ৩ কর্মকর্তাকে মামলা থেকে খালাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কানাডার মন্ট্রিলভিত্তিক প্রকৌশল প্রতিষ্ঠান এসএনসি-লাভালিনের সাবেক তিন কর্মকর্তাকে পদ্মা সেতুর দুর্নীতির অভিযোগ থেকে খালাস দিয়েছেন টরন্টোর এক বিচারক। গতকাল শুক্রবার আদেশ দেওয়ার সময় টেলিফোনে আড়ি পেতে পাওয়া যেসব প্রমাণ দাখিল করা হয়েছিল, সেগুলো নাকচ করে দেন তিনি। সেই সঙ্গে রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশের (আরসিএমপি) তদন্ত কার্যক্রমের সমালোচনা করা হয়। কানাডার টরন্টো স্টার পত্রিকার অনলাইন সংস্করণে গতকাল শুক্রবার এ খবর দেওয়া হয়েছে।
খালাস পাওয়া সাবেক ওই তিন কর্মকর্তা হলেন কেভিন ওয়ালেস, রমেশ শাহ ও জুলফিকার আলী ভূঁইয়া। তাঁদের মধ্যে কেভিন এসএনসি-লাভালিনের জ্বালানি ও অবকাঠামো বিভাগের ভাইস প্রেসিডেন্ট ছিলেন। ২০১৩ সালে তিনি বাংলাদেশ প্রকল্পের জ্যেষ্ঠ নির্বাহী ছিলেন। রমেশ ছিলেন আন্তর্জাতিক বিভাগের ভাইস প্রেসিডেন্ট। জুলফিকার বাংলাদেশ-কানাডার দ্বৈত নাগরিক। তাঁরা তিনজনই বাংলাদেশে কাজ পেতে এ দেশের কর্মকর্তাদের ঘুষ দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন।
আরসিএমপির এক কর্মকর্তা ২০১১ সালে সাক্ষ্য দেওয়ার সময় দাবি করেছিলেন, তাঁরা আড়ি পেতে অভিযুক্ত ব্যক্তিদের ব্যক্তিগত যোগাযোগের কথোপকথন উদ্ধার করেছেন।
গতকালের আদেশে বিচারক লেখেন, অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে যে তথ্য উপস্থাপন করা হয়েছিল, ‘তা জল্পনা, গুজব আর জনশ্রুতি ছাড়া কিছুই না’।
আদালতের আদেশের পর কেভিন ওয়ালেসের আইনজীবী স্কট ফেনটন বলেন, শেষ পর্যন্ত তাঁর মক্কেল নির্দোষ প্রমাণিত হওয়ায় তিনি খুশি।
রমেশ ও জুলফিকারের আইনজীবীরাও এ রায়ে স্বস্তি প্রকাশ করেছেন। এসএনসি-লাভালিন স্টার পত্রিকার কাছে মন্তব্য করতে রাজি হয়নি। আরসিএমপির প্রতিক্রিয়া চেয়েও সাড়া পাওয়া যায়নি।