এসএমই খাতে ক্ষতি ৭০০০ কোটি টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৮-দলীয় জোটের ধ্বংসাত্মক কর্মসূচিতে ক্ষুদ্র ও মাঝারি শিল্প-কারখানার ক্ষতির পরিমাণ আনুমানিক সাত হাজার ১৫০ কোটি টাকা। বিসিকের আওতাধীন চার হাজার ২৫৪টি ক্ষুদ্র ও মাঝারি শিল্প কারখানার উৎপাদন ও বিপণন বিঘ্নিত হওয়ায় এ ক্ষতি হয়েছে। গতকাল সোমবার জাতীয় সংসদে ইসরাফিল আলমের প্রশ্নের জবাবে এ কথা জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
মন্ত্রী আরও বলেন, বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প করপোরেশনের আওতাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের ক্ষতির পরিমাণ এক কোটি ২৮ লাখ টাকা। এ ছাড়া বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের (বিএসইসি) আওতাধীন শিল্পপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টি সরকারের বিবেচনায় আছে।
মো. আবদুল্লাহর প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, বেসরকারি টেলিভিশনের কোনো নীতিমালা নেই। বর্তমানে জাতীয় সম্প্রচার নীতিমালা ২০১৪ প্রণয়নের কাজ চলছে।
এ কে এম মাইদুল ইসলামের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী জানান, ১৯টি পত্রিকা অষ্টম ওয়েজ বোর্ড বাস্তবায়ন করেছে। এগুলো হলো: প্রথম আলো, ইত্তেফাক, ডেইলি স্টার, বণিক বার্তা, ফিন্যান্সিয়াল এক্সপ্রেস, বাংলাদেশ টুডে, নিউজ টুডে, নিউ এজ, নিউ নেশন, ইনডিপেনডেন্ট, সান, কালের কণ্ঠ, সমকাল, আমাদের সময়, বর্তমান, আমার সংবাদ, ঢাকা ট্রিবিউন, স্বদেশ সংবাদ ও বাহের সংবাদ।