এসএমএস করে ভোটের তথ্য ২৫ এপ্রিল থেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা উত্তর, দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশনের আসন্ন নির্বাচনে ভোট দেওয়ার ক্ষেত্রে ভোটারদের জন্য কিছু নির্দেশনা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল বৃহস্পতিবার ইসি সচিবালয়ের জনসংযোগ বিভাগের পরিচালক এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ নির্দেশনার কথা জানান। খবর বাসসের।
পরিচালক এস এম আসাদুজ্জামান বলেন, ভোটাররা ২৫ এপ্রিল থেকে এসএমএসের মাধ্যমে জানতে পারবেন, কোন কেন্দ্রে তাঁরা ভোট দিতে যাবেন। ভোটারের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর ১৭ ডিজিটের হলে মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে পিসি লিখে স্পেস দিয়ে এনআইডি নম্বর টাইপ করে ১৬১০৩ নম্বরে পাঠাতে হবে। ফিরতি মেসেজে ভোটকেন্দ্রের নাম জানতে পারবেন। যাঁদের এনআইডি নম্বর ১৩ ডিজিটের, তাঁদের এসএমএস অপশনে গিয়ে পিসি লিখে স্পেস দিয়ে চার ডিজিটের জন্ম সন লিখে তারপর ১৩ ডিজিটের এনআইডি নম্বর টাইপ করে ১৬১০৩ নম্বরে পাঠাতে হবে।
যাঁরা নতুন ভোটার হয়েছেন কিন্তু এনআইডি কার্ড পাননি, তাঁদের মেসেজ অপশনে গিয়ে পিসি টাইপ করে স্পেস দিয়ে ভোটার নিবন্ধন ফরমের স্লিপ নম্বর লিখে স্পেস দিয়ে দিন-মাস-বছর ফরমেটে জন্মতারিখ লিখে ১৬১০৩ নম্বরে পাঠিয়ে দিতে হবে। মোবাইল ফোনের এসএমএস ছাড়াও কমিশনের ওয়েবসাইট www.ec.org.bd অথবা www.nidw.gov.bd ভিজিট করেও ভোটকেন্দ্রের নাম জানা যাবে।