এসএমসির অন্তর্দ্বন্দ্বে পরিবার পরিকল্পনা কার্যক্রম নিয়ে শঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর সবচেয়ে বড় উৎস সোশ্যাল মার্কেটিং কোম্পানিতে (এসএমসি) অন্তর্দ্বন্দ্বের কারণে পরিবার পরিকল্পনা কার্যক্রম নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, এসএমসি জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর সবচেয়ে বড় আমদানিকারক ও বাজারজাতকারী প্রতিষ্ঠান বলে তাঁদের ব্যবস্থাপনায় সমস্যা হলে এসব সামগ্রী সরবরাহে সংকট দেখা দেবে। ক্ষতিগ্রস্ত হবে গুরুত্বপূর্ণ জনসংখ্যা কর্মসূচি।প্রতিষ্ঠানটির পরিচালনা পরিষদের মেয়াদকাল এবং নতুন পরিচালনা পরিষদ গঠনকে কেন্দ্র করে কয়েকজন সদস্যের মধ্যে দ্বন্দ্ব চলছে। এ নিয়ে মামলা চলছে আদালতে। এসএমসির ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, সাত সদস্যের বর্তমান পরিচালনা পরিষদ জুলাই ২০০৮ থেকে জুন ২০০৯ পর্যন্ত দায়িত্ব পেয়েছিল। প্রতিষ্ঠানটির একটি সূত্র জানায়, ২০০৯ সালের সেপ্টেম্বরের পর থেকে পরিচালনা পরিষদ কোনো সভা করেনি। সম্প্রতি এর ব্যবস্থাপনা পরিচালক পদে রদবদল হয়েছে।স্বাস্থ্য মন্ত্রণালয় ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পদস্থ কর্মকর্তারা বলছেন, এসএমসির অভ্যন্তরীণ দ্বন্দ্ব দীর্ঘায়িত হলে ক্ষতিগ্রস্ত হবে জন্মনিয়ন্ত্রণ কার্যক্রম ও প্রাথমিক স্বাস্থ্যসেবা। জন্মনিয়ন্ত্রণ সামগ্রী এবং খাওয়ার স্যালাইন সরবরাহ ও বাজারজাতকরণের অন্যতম বড় প্রতিষ্ঠান এসএমসি। দেশের জন্মনিয়ন্ত্রণ কার্যক্রম অনেকাংশে এই প্রতিষ্ঠানটির ওপর নির্ভরশীল হয়ে পড়েছে।পরিচালনা পরিষদের সাতজনসহ কোম্পানির ১০ সদস্যের মধ্যে সরকারের কোনো প্রতিনিধি নেই। এ ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক একজন যুগ্ম সচিব বলেন, ‘কোম্পানির সদস্যরা কেউ এতে ব্যক্তিগত অর্থ বিনিয়োগ করেননি। জন্মনিয়ন্ত্রণ কর্মসূচির জন্য আসা বৈদেশিক সহায়তার অর্থ দিয়ে সামাজিক ব্যবসা করে এসএমসি আজকের অবস্থানে এসেছে। অথচ এই প্রতিষ্ঠানের ওপর সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই।’বিষয়টি নিয়ে বিস্তারিত জানার জন্য এই প্রতিবেদক এসএমসির একাধিক সাধারণ সদস্য, পরিচালনা পরিষদের সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করেছেন। তাঁদের কেউই নাম প্রকাশ করে কথা বলতে রাজি হননি। প্রায় সবাই বলেছেন, মামলা চলছে বলে তাঁরা কোনো মন্তব্য করতে চান না। একজন সদস্য বলেছেন, বিদেশে ছিলেন বলে তিনি কিছু জানেন না।স্বাস্থ্য মন্ত্রণালয় ১৯৭৪ সালে সোশ্যাল মার্কেটিং প্রজেক্ট চালু করে। প্রকল্পটির উদ্দেশ্য ছিল জনসংখ্যা বৃদ্ধি মোকাবিলা করার জন্য জনসংখ্যা নিয়ন্ত্রণ সামগ্রী কম মূল্যে সহজলভ্য করে তোলা। পরবর্তী পর্যায়ে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান পপুলেশন সার্ভিসেস ইন্টারন্যাশনাল (পিএসআই) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে চুক্তির মাধ্যমে ফ্যামিলি প্লানিং সোশ্যাল মার্কেটিং প্রজেক্ট (এফপিএসএমপি) চালু করে। এতে অর্থ সহায়তা দেয় যুক্তরাষ্ট্রের দাতা সংস্থা ইউএসএআইডি।মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়কে অনেকটা অন্ধকারে রেখে এফপিএসএমপিকে ১৯৯০ সালে অলাভজনক কোম্পানি এসএমসি করা হয়।পরিবার পরিকল্পনা অধিদপ্তর সূত্র বলছে, দেশের জনসংখ্যা নিয়ন্ত্রণ কর্মসূচিতে এসএমসি বড় ভূমিকা রেখে চলেছে। সর্বশেষ বাংলাদেশ জনমিতি ও স্বাস্থ্য জরিপের (বিডিএইচএস) তথ্যে দেখা যায়, দেশে ব্যবহূত কনডমের ৫৮ শতাংশ, খাওয়ার বড়ির ৩৬ শতাংশ এবং ইনজেকটেবলের ৯ শতাংশ সরবরাহ করে এসএমসি। শুধু তা-ই নয়, খাওয়ার স্যালাইন সহজলভ্য করার ক্ষেত্রেও প্রতিষ্ঠানটি বড় ভূমিকা রাখছে। মন্ত্রণালয়ের হিসাব বলছে, বাজারে মোট বিক্রি হওয়া খাওয়ার স্যালাইনের ৫৮ শতাংশই এসএমসির। শিশুদের ডায়রিয়াজনিত রোগ-ব্যবস্থাপনায় বিশেষ ভূমিকা রাখছে প্রতিষ্ঠানটি।পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আবদুল কাইয়ুম বলেন, বিষয়টি নিয়ে অধিদপ্তর ও মন্ত্রণালয় অবগত আছে। স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী আ ফ ম রুহুল হক ও মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা গত জানুয়ারিতে এসএমসির কয়েকজন সদস্যের সঙ্গে সভা করেন। মহাপরিচালক জানান, জন্মনিয়ন্ত্রণ সামগ্রী আমদানিতে যেন সমস্যা না হয়, সে ব্যাপারে ওই সভায় সিদ্ধান্ত হয়েছে।