এসএসএফ প্রত্যাহার ভুল ছিল
আট বছর পর বিএনপি উপলব্ধি করেছে, ২০০১ সালে বিরোধীদলীয় নেতার জন্য এসএসএফ নিরাপত্তাব্যবস্থা প্রত্যাহার করা ভুল ছিল। এ ভুল না করার জন্য আওয়ামী লীগ সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গতকাল রোববার দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ আহ্বান জানান। তিনি আইন সংশোধন করে বিরোধীদলীয় নেতাকে এসএসএফ নিরাপত্তা দেওয়ার দাবি জানান। তিনি বলেন, ‘আমরা ভুল করেছি—এ দোহাই দিয়ে আওয়ামী লীগকেও ভুল করতে হবে, এমন কোনো কথা নেই।’ ১৯৯৬ সালে ক্ষমতায় আসার পর আওয়ামী লীগ সরকার বিরোধীদলীয় নেতার জন্য এসএসএফ নিরাপত্তা দেওয়ার বিধান রেখে আইন প্রণয়ন করেছিল। কিন্তু ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে বিএনপির নেতৃত্বে চারদলীয় জোট সরকার ক্ষমতায় আসার পরপরই এ আইন বাতিল করা হয়। তত্কালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনার ওপর কয়েক দফা হামলা হলেও ওই সময় সরকার তাঁর নিরাপত্তার জন্য এসএসএফ নিয়োগ করেনি। মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ তো অনেক আইন সংশোধন করেছে। তাই এ আইনও সংশোধন করতে পারে। এ ছাড়া এর আগের অবস্থা আর এখনকার অবস্থা এক নয়। বিএনপির চেয়ারপারসনের ওপর সম্প্রতি দুই দফা হামলা হয়েছে। সরকারকে এ বিষয়টি বুঝতে হবে। এটা করা হলে বিএনপি ও দেশের মানুষ খুশি হবে।