এসএসসি ও এইচএসসি পরীক্ষা বহাল থাকবে
শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মাধ্যমিক (এসএসসি) এবং উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষা বহাল আছে ও থাকবে। দ্বাদশ শ্রেণী শেষে স্কুল সার্টিফিকেট পরীক্ষা হবে বলে গতকাল বুধবার দুটি পত্রিকায় প্রতিবেদন প্রকাশ হওয়ায় ছাত্রছাত্রী, অভিভাবক ও শিক্ষক মহলে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল শিক্ষা মন্ত্রণালয় বিষয়টির ব্যাখ্যা দিয়েছে। সরকারি তথ্য বিবরণীতে এ তথ্য দেওয়া হয়।শিক্ষা আইনের খসড়ার তথ্য দিয়ে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। তথ্য বিবরণীতে বলা হয়, খসড়া শিক্ষা আইনের কপিতে কোথাও ‘এসএসসি ও এইচএসসি পরীক্ষা তুলে দিয়ে দ্বাদশ শ্রেণী শেষে ‘স্কুল সার্টিফিকেট পরীক্ষা’ নেওয়া হবে বলে উল্লেখ নেই; বরং জাতীয় শিক্ষানীতির আলোকে সদ্য প্রণীত ‘খসড়া শিক্ষা আইন’-এর ষোড়শ অধ্যায়ের ২(ঙ) ধারায় উল্লেখ আছে, ‘জাতীয় ভিত্তিতে দশম শ্রেণী শেষে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও দ্বাদশ শ্রেণী শেষে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা অনুষ্ঠিত হবে।’ এ অবস্থায় ‘শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষে নিশ্চিত করা হচ্ছে যে, দশম শ্রেণী শেষে এসএসসি এবং দ্বাদশ শ্রেণী শেষে এইচএসসি পরীক্ষা বহাল আছে এবং থাকবে।’