২০১১ সালে অনুষ্ঠিত এসএসসি ও এইচএসসি পরীক্ষায় শীর্ষ ৪০টি শিক্ষাপ্রতিষ্ঠানকে সম্মাননা দিয়েছে কুমিল্লা শিক্ষা বোর্ড। গতকাল শনিবার দুপুরে বোর্ড মিলনায়তনে ওই সম্মাননা দেওয়া হয়।কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক কুন্ডু গোপীদাসের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক নোমান উর রশীদ, কুমিল্লা জেলা প্রশাসক মো. রেজাউল আহসান, ফেনী গার্লস ক্যাডেট কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ ও কুমিল্লা জিলা স্কুলের প্রধান শিক্ষক রাশেদা আক্তার। এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা শিক্ষা বোর্ডের সচিব অলিউর রহমান ও পরীক্ষা নিয়ন্ত্রক কায়সার আহমেদ। সম্মাননা প্রদান অনুষ্ঠানে সংশ্লিষ্ট স্কুল ও কলেজের প্রধানেরা সনদ ও ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন। এ বছর কুমিল্লা বোর্ডের শীর্ষ ২০টি বিদ্যালয় ও শীর্ষ ২০টি কলেজকে ওই সম্মাননা দেওয়া হয়।