এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে ১২ লাখ শিক্ষার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের আটটি সাধারণ শিক্ষা্রবোর্ডসহ ১০ বোর্ডের মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় এ বছর ১২ লাখ দুই হাজার ৮৬৪ জন ছাত্রছাত্রী অংশ নিতে যাচ্ছে। আগামী ১ ফেব্রুয়ারি থেকে এই পরীক্ষা শুরু হবে। এবারই প্রথম বাংলা ও ধর্ম বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে সৃজনশীল পদ্ধতিতে। সুষ্ঠু, স্বাভাবিক ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন করার লক্ষ্যে গতকাল রোববার শিক্ষা মন্ত্রণালয়ে পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এতে সভাপতিত্ব করেন। মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত ওই সভায় যোগ দেন শিক্ষাসচিব সৈয়দ আতাউর রহমান, সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা, পরীক্ষা নিয়ন্ত্রক ও বিভিন্ন জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা)।শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষার পরিবেশ বিঘ্নকারী যেকোনো কার্যক্রম প্রতিহত করা হবে। পরীক্ষার হলে নকল করা, কথা বলা বা যেকোনো অঙ্গভঙ্গি বরদাশত করা হবে না বলে তিনি উল্লেখ করেন। মন্ত্রী আরও বলেন, ছাত্রীরা পরীক্ষার সময় সঙ্গে ব্যাগ রাখতে পারবে না। পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট ছাড়া কেউ পরীক্ষার হলে প্রবেশ করতে পারবে না। সভায় জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, সমাজসেবকসহ সর্বস্তরের স্থানীয় জনগণকে নকলমুক্ত পরীক্ষার পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার জন্য মন্ত্রী আহ্বান জানান।