অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণের মধ্য দিয়ে শেষ হলো ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উত্সব ২০১৬-এর বিশেষ এসএসসি গণিত ক্যাম্প। সারা দেশের ২৪টি আঞ্চলিক উৎসবের বিজয়ী এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে সেরা ৪৫ শিক্ষার্থী পাঁচ দিনব্যাপী এই অনাবাসিক ক্যাম্পে অংশ নেয়।
সনদ বিতরণ ও সমাপনী পর্বে উপস্থিত ছিলেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির কোষাধ্যক্ষ ও প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম। তিনি বলেন, ‘তোমাদের গত কয়েক দিন গণিতের নানা বিষয় পড়ানো হয়েছে। এই বিষয়গুলো তোমরা সব সময় অনুশীলন করবে এবং নিজেদের ভালোভাবে প্রস্তুত করবে। যাতে করে সামনে আরও ভালো ফল করতে পারো।’
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসান। তিনি ক্যাম্পারদের আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের জন্য নিজেদের প্রস্তুত হতে বলেন এবং অনুশীলনের পাশাপাশি তত্ত্বীয় অংশে ব্যুৎপত্তি অর্জনের আহ্বান জানান। এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশের আইএমও দলের সাবেক সদস্য ও ক্যাম্প পরিচালক মুতাসিম মিম, সমন্বয়ক বায়েজিদ ভূঁইয়া, ক্যাম্প সমন্বয়কারী আইয়ুব সরকার প্রমুখ।
ক্যাম্পে শিক্ষার্থীদের গণিতের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। ক্যাম্পের সেরা আটজন শিক্ষার্থীকে আইএমও দল নির্বাচনে ক্যাম্পের জন্য নির্বাচিত করা হয়েছে।
ডাচ্-বাংলা ব্যাংকের পৃষ্ঠপোষকতা ও প্রথম আলোর ব্যবস্থাপনায় বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি এই গণিত ক্যাম্পের আয়োজন করে।