এসএসসি নির্বাচনী পরীক্ষার ফলাফল ও ফরম পূরণে অনিয়মের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বুড়িশ্চর উচ্চবিদ্যালয়ে এসএসসির নির্বাচনী পরীক্ষার ফলাফল ও ফরম পূরণে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। অভিভাবকদের অভিযোগ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসলেহ উদ্দিন চৌধুরী পরীক্ষার ফলাফল প্রকাশের ক্ষেত্রে নানা অনিয়ম ও কারচুপি করেছেন। তিনি একাধিক বিষয়ে অনুত্তীর্ণ শিক্ষার্থীদের অর্থের বিনিময়ে ফরম পূরণের সুযোগ করে দিয়েছেন।অভিভাবকেরা গত ১৮ নভেম্বর হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং উপজেলা শিক্ষা কর্মকর্তা সেলিম রেজার কাছে এ ব্যাপারে লিখিত অভিযোগ দেন।ইউএনও ও পৌর প্রশাসক ইশরাত জাহান অভিযোগ পাওয়ার বিষয়টি স্বীকার করেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘এ ব্যাপারে তদন্ত চলছে। তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পরই অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে।’উপজেলা শিক্ষা কর্মকর্তা সেলিম রেজার মুঠোফোনে যোগাযোগ করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।অভিভাবকদের অভিযোগ থেকে জানা যায়, প্রধান শিক্ষক বোর্ডের নির্দেশনা অমান্য করে গত ৪ নভেম্বরের পরিবর্তে ৫ নভেম্বর ফলাফল প্রকাশ করেন। এ সময়ে তিনি ফলাফল প্রকাশে নানা কারসাজি করেন। নির্বাচনী পরীক্ষায় বিদ্যালয়ের শিক্ষকদের কাছে প্রাইভেট পড়া অযোগ্য শিক্ষার্থীকেও পাস করিয়ে দেন তিনি। অপর দিকে ফরম পূরণের সুযোগ করে দেওয়ার নামে প্রধান শিক্ষক অভিভাবকদের কাছে সরাসরি টাকা চেয়েছেন বলেও অভিযোগ রয়েছে। মো. জাহেদুল আলম নামের একজন অভিভাবক অভিযোগ করেন, ‘আমার ভাইকে গণিত বিষয়ে অকৃতকার্য দেখানো হয়েছে। তাকে ফরম পূরণের সুযোগ দেওয়ার অনুরোধ জানালে প্রধান শিক্ষক মোসলেহ উদ্দিন চৌধুরী আমার কাছে ১০ হাজার টাকা দাবি করেন। অথচ টাকার বিনিময়ে পাঁচ-ছয় বিষয়ে অকৃতকার্যদেরও ফরম পূরণ করতে দেওয়া হয়। আমি টাকা দিতে অপারগতা প্রকাশ করায় আমার ভাই এখন পর্যন্ত ফরম পূরণ করতে পারেনি। এরই মধ্যে গত ২২ নভেম্বর বিলম্ব ফিসহ ফরম পূরণের তারিখও শেষ হয়ে গেছে।’ অভিভাবক লাকি শীল অভিযোগ করেন, ছেলের ফরম পূরণের ব্যাপারে জানতে চাইলে প্রধান শিক্ষক প্রথমে তাঁকে আশ্বস্ত করেন। পরে আবার বলা হয়, ফরম পূরণের তালিকায় তাঁর ছেলের কোনো নাম নেই। প্রধান শিক্ষক মোসলেহ উদ্দিন চৌধুরীর মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি এসব অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, ‘ফরম পূরণের সুযোগবঞ্চিতদের অভিভাবকেরাই এ ধরনের বিভ্রান্তি ছড়াচ্ছেন।’