এসএসসি পরীক্ষা দিতে পারবে ভেবে খুশি সে
কিশোরগঞ্জের ভৈরব উপজেলার চাঁনপুর গ্রামের এক কিশোরী (১৩) এবার জেএসসি পরীক্ষা দিচ্ছে। উচ্চশিক্ষার স্বপ্ন না থাকলেও অন্তত এসএসসি পাস করার ইচ্ছেটা তার প্রবল। কিন্তু এরই মধ্যে বিয়ে ঠিক হয়ে যাওয়ায় তার সেই স্বপ্ন ভেঙে যেতে বসেছিল। গতকাল শুক্রবার ছিল সেই বিয়ের দিন। কিন্তু গ্রামবাসীর সহায়তায় প্রশাসন এই বাল্যবিয়ে বন্ধ করে দিয়েছে। বিয়ে বন্ধ করে দেওয়ায় আনন্দ প্রকাশ করেছে ওই কিশোরী।গ্রামবাসী জানায়, প্রথমে ওই কিশোরীর মা-বাবাকে বিয়ে বন্ধের অনুরোধ জানানো হয়। কিন্তু তাঁরা এতে রাজি হননি। পরে বাধ্য হয়ে বিষয়টি উপজেলা প্রশাসন ও পুলিশকে জানানো হয়। গতকাল বরযাত্রী আসার কিছুক্ষণ আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেয়েটির বাড়িতে গিয়ে বিয়ে বন্ধ করে দেন।ওই কিশোরী জানায়, তার ইচ্ছার বিরুদ্ধে প্রবাস ফেরত এক যুবকের সঙ্গে বিয়ে ঠিক করা হয়েছিল। কিশোরীর মা-বাবা জানান, ভালো পাত্র পেলে অভাবের সংসারের মেয়েদের দ্রুত বিয়ে দিতে পারলে চাপ কমে যায়—সেই চিন্তা থেকেই এমনটি করেছিলেন তাঁরা। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোরশেদ আলম বলেন, কিশোরীর বিয়ে বন্ধ করে তৎক্ষণাৎ সভা করে গ্রামবাসীকে বাল্যবিয়ের কুফল সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে।