বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) বগুড়ার একটি শিখনকেন্দ্রের (স্টাডি সেন্টার) একজন কোর্স-সমন্বয়কের গাফিলতির কারণে এসএসসি পরীক্ষা দিতে পারেনি ৪৮ জন শিক্ষার্থী। গতকাল শুক্রবার বগুড়ার সোনাতলা উপজেলার ভেলুরপাড়া এনায়েত আলী উচ্চবিদ্যালয় কেন্দ্রে এসে পরীক্ষা দিতে না পেরে বিক্ষোভ করে তারা।
ভুক্তভোগী চারজন শিক্ষার্থী ও কেন্দ্র কর্তৃপক্ষ জানায়, ভেলুরপাড়া এনায়েত আলী উচ্চবিদ্যালয়ে ১৯৯৬ সাল থেকে বাউবির শিখনকেন্দ্র চালু রয়েছে। কেন্দ্রের কোর্স সমন্বয়কের দায়িত্বে ছিলেন ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবদুল লতিফ। ২০১৩-১৪ শিক্ষাবর্ষে শিখনকেন্দ্রে এসএসসি প্রোগ্রামে মোট ১২৬ জন শিক্ষার্থী ভর্তি করা হয়। উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে বেঁধে দেওয়া নির্ধারিত কোর্স ফি ২ হাজার ১২৫ টাকা হলেও আবদুল লতিফ প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে ২ হাজার ৫০০ টাকা করে আদায় করেন। এসব শিক্ষার্থী নিয়মিত ক্লাস করে আসছিল। চলতি বছরের এপ্রিলে তারা জানতে পারে তাদের প্রবেশপত্র আসেনি। তারপরও বিকল্প ব্যবস্থায় পরীক্ষা দেওয়ার আশায় গতকাল শুক্রবার পরীক্ষাকেন্দ্রে গিয়েও তারা পরীক্ষা দিতে পারেনি।
সোনাতলার পাকুল্যা গ্রামের শিক্ষার্থী লিপু মিয়া বলে, ‘আড়াই হাজার টাকা করে ফি নিলেও কাউকে কোনো রসিদ দেওয়া হয়নি। প্রতি সপ্তাহে ক্লাস করেছি। এখন এসএসসি পরীক্ষা দিতে কেন্দ্রে এসে শুনি প্রবেশপত্রই আসেনি। পরে আমরা কেন্দ্র চত্বরে বিক্ষোভ করেছি।’
গাবতলী উপজেলার নাসিমা খাতুন নামে এক শিক্ষার্থী বলে, ‘খুব শখ ছিল এসএসসির ডিগ্রি নিব। সব নিয়ম মেনে ভর্তি হয়েছি, ক্লাসও করেছি। এত কষ্ট করে পরীক্ষার প্রস্তুতি নিয়ে কেন্দ্রে এসে শুনছি পরীক্ষা দিতে পারব না। আগামী বছর থেকে নতুন সিলেবাসে সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষা হবে। কেন্দ্র সমন্বয়কের কারণে এতগুলো শিক্ষাজীবন নষ্ট হয়ে যাচ্ছে।’
বাউবির ভেরুরপাড়া এনায়েত আলী এসএসসি শিখনকেন্দ্রের বর্তমান কোর্স সমন্বয়ক ও ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমান বলেন, ‘বাউবির নিয়ম অনুযায়ী কেন্দ্র থেকে ছাপানো রসিদ সংগ্রহ করে শিক্ষার্থীদের তা সোনালী ব্যাংকের স্থানীয় শাখায় কোর্স ফি জমা দেওয়ার কথা। কিন্তু ওই ৪৮ জন শিক্ষার্থী তা না দিয়ে সাবেক কোর্স সমন্বয়কের কাছে টাকা জমা দেন। কিন্তু সাবেক কোর্স সমন্বয়ক আবদুল লতিফ বাউবি থেকে বেঁধে দেওয়া নির্ধারিত সময়ের এক মাস পর ওই ৪৮ জনের ফি ব্যাংকে জমা দিয়েছেন। ফলে বাউবি ৪৮ জনের নাম ওই বছরে নিবন্ধন না করে পরের শিক্ষাবর্ষে নিবন্ধন করেছে। ফলে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আসেনি ওই শিক্ষার্থীদের নামে। ৪৮ জন শিক্ষার্থীর প্রবেশপত্র না আসার কারণে বিষয়টি জানাজানি হয়। পরে বাউবির যুগ্ম পরিচালক মোহাম্মদ আলী ১৮ অক্টোবর তদন্তে আসেন। এখন ওই ৪৮ জন শিক্ষার্থীকে পরের বছর পরীক্ষায় অংশ নিতে হলে নতুন করে আরও ১ হাজার ৭৫০ টাকা ফি জমা দিতে হবে। কারণ, গত বছর ফি ছিল ২ হাজার ১২৫ টাকা। এখন ফি বেড়ে ৩ হাজার ৭৭৫ টাকা হয়েছে। সিলেবাসও এখন পরিবর্তন হয়েছে। আগামী বছর থেকে পরীক্ষায় সৃজনশীল প্রশ্ন থাকবে।
সোনাতলা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আহসান হাবিব বলেন, ভেলুরপাড়া এনায়েতপুর উচ্চবিদ্যালয়ের বাউবির ওই এসএসসি পরীক্ষার্থীরা যথাসময়েই কোর্স সমন্বয়ক আবদুল লতিফের হাতে ফি জমা দিয়েছিল। কিন্তু আবদুল লতিফের কারণে তাদের প্রবেশপত্র আসেনি। বিষয়টি জানতে পেরে এপ্রিল মাসে আবদুল লতিফকে কোর্স সমন্বয়কের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে বাউবি।