এসএসসি পরীক্ষা নির্বিঘ্নে সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসন্ন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা চলাকালে সব ধরনের কর্মসূচি স্থগিত রাখার জন্য সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি জানিয়েছেন, এই পরীক্ষা নির্বিঘ্ন রাখতে প্রশাসন সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করবে এবং এতে বাধা দেওয়া হলে প্রশাসন কঠোর থেকে কঠোরতর পদক্ষেপ নেবে।
চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গতকাল মঙ্গলবার সচিবালয়ের তথ্য অধিদপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। আগামী ২ ফেব্রুয়ারি শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা।
তথ্যমন্ত্রী বলেন, এসএসসি পরীক্ষায় কয়েক লাখ শিক্ষার্থী অংশ নেবে। এখন তাদের চূড়ান্ত প্রস্তুতির সময়। জানুয়ারি মাসে স্কুলগুলোতে নতুন ক্লাস শুরু হয়েছে। কিন্তু খালেদা জিয়ার ‘বেরহম’ অবরোধ কর্মসূচি লাখ লাখ এসএসসি পরীক্ষার্থীসহ কয়েক কোটি ছাত্রছাত্রীর শিক্ষাজীবনকে অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছে।
তথ্যমন্ত্রী বিএনপির সঙ্গে এই মুহূর্তে সংলাপের আহ্বান নাকচ করে দিয়ে বলেন, ‘খালেদা জিয়া সন্ত্রাস, নাশকতা, রাজাকার ও জঙ্গিদের পরিহার না করলে তিনি সংলাপের উপযুক্ত হচ্ছেন না।’
চলমান অবরোধে জ্বালাও-পোড়াও এবং মানুষ হত্যার ঘটনার জন্য খালেদা জিয়াকে দায়ী করেন হাসানুল হক। তিনি বলেন, প্রকাশ্যে ঘোষণা ও উসকানি দিয়ে আগুনে পুড়িয়ে মানুষ মারা, জনগণের জানমাল ধ্বংস করার জন্য খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে হত্যা মামলা হবে না কেন?
জাসদের সভাপতি হাসানুল হক বলেন, খালেদা জিয়া ও তারেক রহমান মিথ্যাকে শিল্পে পরিণত করেছেন। খালেদা জিয়ার গুলশান কার্যালয় মিথ্যাচার উৎপাদনের কারখানায় পরিণত হয়েছে। তিনি খালেদা জিয়ার উদ্দেশে বলেন, ‘আমরা খালেদা জিয়াকে সন্ত্রাস, নাশকতা, অন্তর্ঘাত, সহিংসতা ও ধ্বংসাত্মক রাজনীতির পথ ছেড়ে এবং যুদ্ধাপরাধী-জঙ্গিবাদীদের সঙ্গে দোস্তি ছেড়ে গণতান্ত্রিক রাজনীতিতে ফিরে আসার জন্য গণতন্ত্রের গেট পাস সংগ্রহ করার আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে আগুন নিয়ে খেলা বন্ধ করে জনগণের জন্য একটু মায়া, করুণা ও রহম আনার আহ্বান জানাচ্ছি।’
রাজনৈতিক সহিংসতায় এ পর্যন্ত কতজন মারা গেছেন—এ প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী জানান, গত ১৭-১৮ দিনে ২৭ জন মারা গেছেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘আমরা আগেই বলেছিলাম, ৫ জানুয়ারি খালেদা জিয়া তাঁর গুলশান কার্যালয়ে অবস্থান করে সহিংসতা ও নাশকতা পরিচালনা করবেন। তাই তাঁকে নিবৃত্ত করার জন্য সরকার বেশ কিছু প্রশাসনিক পদক্ষেপ নেয়।’
তথ্যমন্ত্রী আরও বলেন, খালেদা জিয়া গত সোমবার রাতের সংবাদ সম্মেলনে অবরোধ অব্যাহত রাখার ঘোষণা দিয়ে প্রমাণ করলেন তিনি সন্ত্রাস, নাশকতা, সহিংসতা ও জ্বালাও-পোড়াওয়ের পথ থেকে একচুলও সরে আসেননি। উনি কার্যত আগুন দিয়ে গণতন্ত্র পোড়ানোর কর্মসূচি ঘোষণা করলেন।