এসএসসি পরীক্ষা নিয়ে অনিশ্চয়তা
বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট কাল রোববার থেকে ৭২ ঘণ্টা হরতালের কর্মসূচি দিলেও এসএসসি ও সমমানের পরীক্ষা পেছানো হবে কি না, সে বিষয়ে গতকাল রাত পর্যন্ত সিদ্ধান্ত নেয়নি শিক্ষা মন্ত্রণালয়। পরীক্ষা নিয়ে এই অনিশ্চয়তায় পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উৎকণ্ঠা আরও বেড়েছে।
জানতে চাইলে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গতকাল রাতে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমরা এখনো মনে করি, তাঁদের মধ্যে মানবিক মূল্যবোধ জাগ্রত হবে, পরীক্ষার্থীদের কথা বিবেচনা করে তাঁরা কর্মসূচি প্রত্যাহার বা স্থগিত করবেন।’
পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী, সোমবার থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হওয়ার কথা। কিন্তু হরতাল-অবরোধের কারণে এ পরীক্ষা নিয়ে পৌনে ১৫ লাখ শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা তৈরি হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের আগের ঘোষণা অনুযায়ী, অবরোধ থাকলে পরীক্ষা নেওয়া হবে। আর হরতাল থাকলে ওই দিনের পরীক্ষা
পেছানো হবে। পরীক্ষার আগের দিন পরীক্ষা পেছানোর সময় জানানো হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, এত দিন ধারণা ছিল, শিথিল অবরোধের মধ্যে পরীক্ষা নেওয়া সম্ভব হবে। কিন্তু হরতাল দেওয়ায় সেই সম্ভাবনা ক্ষীণ হয়ে পড়েছে। এ পরিস্থিতিতে পরীক্ষা নেওয়া হবে কি না, নিলে তা কীভাবে, এসব প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সবার মধ্যে।