এসএসসি পরীক্ষা পেছানো হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ‘দেশের পরিস্থিতি এখন ভালো। তাই এসএসসি পরীক্ষা পেছানোর প্রশ্নই আসে না। সময়মতো পরীক্ষা হবে এবং ফল দেওয়া হবে।’
গতকাল শনিবার দুপুরে নির্বাচনবিরোধীদের পেট্রলবোমায় দগ্ধ হওয়া কলেজশিক্ষক সাইদুল ইসলামসহ দগ্ধ ব্যক্তিদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে যান শিক্ষামন্ত্রী। পরে সাংবাদিকেরা প্রশ্ন করেন, বর্তমান রাজনৈতিক সংকটে এসএসসি পরীক্ষা পেছানো হবে কি না। ওই প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।
৫ জানুয়ারি গোবিন্দগঞ্জে একটি ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন গাইবান্ধার গোবিন্দগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের শিক্ষক সাইদুল। ভোট শেষে ব্যালট বাক্স নিয়ে গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের কার্যালয়ে যাওয়ার পথে তিনি ও এক পুলিশ সদস্য পেট্রলবোমা হামলার শিকার হন।
নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘যারা আমাদের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল, তাদের বিচার হচ্ছে। সেটা ভন্ডুল করার অপচেষ্টা চলছে। এক বছর ধরে দেখছি, আন্দোলনের নামে মানুষের ওপর আক্রমণ করা হচ্ছে, পেট্রলবোমা, আগুন দিয়ে মানুষ হত্যা করা হচ্ছে। এদের উদ্দেশ্য স্বার্থ হাসিল করা। যুদ্ধাপরাধীদের বিচার নস্যাৎ করা।’
শিক্ষামন্ত্রী বলেন, জামায়াত-শিবির ও বিএনপি এক হয়ে দেশের মানুষকে পেট্রলবোমা মেরে, জ্বালিয়ে-পুড়িয়ে নানাভাবে হত্যা করছে। ৫৩১টি স্কুল পুড়িয়ে দেওয়া হয়েছে। দোষী ব্যক্তিদের সবার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে শাস্তির ব্যবস্থা করতে হবে।