এসএসসি পরীক্ষায় বাধা দিলে কড়া ব্যবস্থা: ইনু

এসএসসি পরীক্ষা চলাকালে সব ধরনের কর্মসূচি স্থগিত রাখার জন্য সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। আগামী ২ ফেব্রুয়ারি থেকে এসএসসি পরীক্ষা শুরু হবে। এতে বাধা দেওয়া হলে প্রশাসন কঠোর থেকে কঠোরতর পদক্ষেপ নেবে বলেও তিনি জানান।
আজ মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তর আয়োজিত এক সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
তথ্যমন্ত্রী বলেন, ‘এসএসসি পরীক্ষায় কয়েক লাখ পরীক্ষার্থী অংশ নেবে। এখন তাদের চূড়ান্ত প্রস্তুতির সময়। জানুয়ারি মাসে স্কুলগুলোতে নতুন ক্লাস শুরু হয়েছে। কিন্তু খালেদা জিয়ার বেরহম অবরোধ কর্মসূচি লাখ লাখ এসএসসি পরীক্ষার্থীসহ কয়েক কোটি ছাত্রছাত্রীর শিক্ষাজীবনকে অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছে।’ এ সময় তিনি অবরোধ কর্মসূচি প্রত্যাহার করার জন্য বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি আহ্বান জানান।
তথ্যমন্ত্রী বিএনপির সঙ্গে এই মুহূর্তে সংলাপের প্রস্তাব নাকচ করে দিয়ে বলেন, ‘খালেদা জিয়া সন্ত্রাস, নাশকতা, রাজাকার ও জঙ্গিদের পরিহার না করলে তিনি সংলাপের উপযুক্ত হচ্ছেন না।’
সাম্প্রতিক অবরোধে জ্বালাও-পোড়াও এবং মানুষ হত্যার ঘটনার জন্য খালেদা জিয়াকে দায়ী করেন ইনু। তিনি বলেন, ‘প্রকাশ্যে ঘোষণা ও উসকানি দিয়ে আগুনে পুড়িয়ে মানুষ মারা, জনগণের জানমাল ধ্বংস করার জন্য খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে হত্যা মামলা হবে না কেন?’
মন্ত্রী বলেন, খালেদা জিয়া ও তারেক রহমান মিথ্যাকে শিল্পে পরিণত করেছেন। খালেদা জিয়ার গুলশান কার্যালয় মিথ্যাচার উৎপাদনের কারখানায় পরিণত হয়েছে। তিনি খালেদা জিয়ার উদ্দেশে বলেন, ‘আমরা বেগম জিয়াকে সন্ত্রাস, নাশকতা, অন্তর্ঘাত, সহিংসতা ও ধ্বংসাত্মক রাজনীতির পথ ছেড়ে এবং যুদ্ধাপরাধী-জঙ্গিবাদীদের সঙ্গে দোস্তি ছেড়ে গণতান্ত্রিক রাজনীতিতে ফিরে আসার জন্য “গণতন্ত্র গেট পাস” সংগ্রহ করার আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে আগুন নিয়ে খেলা বন্ধ করে জনগণের জন্য একটু মায়া, করুণা ও রহম আনার আহ্বান জানাচ্ছি।’