
নির্বিঘ্নে এসএসসি পরীক্ষা অনুষ্ঠানের জন্য হরতাল-অবরোধ প্রত্যাহারের দাবি জানিয়েছেন শিক্ষক, শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা। ওই দাবিতে গতকাল রোববার বরিশাল, ঝালকাঠি, বরগুনা ও পিরোজপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সংগঠন মানববন্ধন করেছে।
প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনধিদের পাঠানো খবর:
বরিশাল: মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা বেলা ১১টায় নগরের অশ্বিনীকুমার হলের সামনে মানববন্ধন করেন। বাংলাদেশ শিক্ষক সমিতি বরিশাল আঞ্চলিক শাখার সভাপতি দাশগুপ্ত আশীষ কুমারের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক মোস্তাফিজুর রহমান, অধ্যক্ষ ফরিদুল আলম, তোফায়েল আহম্মেদ, আবু মো. ফারুক, আবদুল মালেক, এইচ এম জসিমউদ্দিন, জেসমিন নাহার প্রমুখ।
ঝালকাঠি: ঝালকাঠি প্রেসক্লাবের সামনের সড়কে সকাল ১০টায় মানববন্ধন হয়। ঘণ্টাব্যাপী কর্মসূচিতে জেলা সদরের বিভিন্ন বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেয়। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন ঝালকাঠি ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মু. আবদুর রশিদ, উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শামসুল হক, নথুল্লাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফাজ্জেল হোসেন, সদর উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আনিসুর রহমান প্রমুখ।
মঠবাড়িয়া (পিরোজপুর): জেলা শহরের টাউন ক্লাব সড়কে সকাল ১০টা থেকে ঘণ্টাব্যাপী মানববন্ধনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের এসএসসি পরীক্ষার্থী, অভিভাবক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতারা অংশ নেন। বেসরকারি উন্নয়ন সংস্থা সুশাসনের জন্য প্রচারাভিযান (সুপ্র), মহিলা পরিষদ, উদীচী শিল্পীগোষ্ঠী, বাংলাদেশ মানবাধিকার কমিশন, আমরাই পারি জেলা জোট এবং জিয়া মহিউদ্দিন স্মৃতি সংসদ যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।
বরগুনা: বরগুনা প্রেসক্লাবের সামনে সদর রোডে দুপুর ১২টায় মানববন্ধন হয়। এতে বরগুনা জিলা স্কুল, আদর্শ বালিকা বিদ্যালয়, গগন মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়, সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয়, পুলিশ লাইনস মাধ্যমিক বিদ্যালয়সহ শহরের অন্যান্য বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকেরা অংশ নেন। এর আগে অবরোধ ও হরতাল প্রত্যাহারের দাবিতে শহরে মানববন্ধন করে সুশাসনের জন্য প্রচারাভিযান।