এসএসসি পরীক্ষার প্রবেশপত্রে ভুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় আসন্ন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় দুই বা তিন বিষয়ের পরীক্ষার্থীদের প্রবেশপত্রে জটিলতা দেখা দিয়েছে। এসব পরীক্ষার্থীর প্রবেশপত্রে সব বিষয় পরীক্ষা দেবে বলে উল্লেখ আছে।
রাজশাহী শিক্ষা বোর্ড থেকে সংশ্লিষ্ট পরীক্ষাকেন্দ্রগুলোতে প্রবেশপত্র পৌঁছার পর এই ভুল ধরা পড়ে।
আক্কেলপুর উপজেলা সদরের ফজরউদ্দিন (এফইউ) উচ্চবিদ্যালয় পরীক্ষাকেন্দ্র সূত্রে জানা গেছে, আগামী ২ ফেব্রুয়ারি সারা দেশে এসএসসি পরীক্ষা শুরু হবে। এর মধ্যে এক সপ্তাহ আগে রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা র্বোড থেকে পরীক্ষাকেন্দ্রগুলোতে পরীক্ষার প্রবেশপত্র পাঠানো হয়েছে। কিন্তু কয়েকটি বিষয়ের পরীক্ষার্থীদের নামে আসা প্রবেশপত্রে সব বিষয় উল্লেখ করা হয়েছে।
ওই পরীক্ষার কেন্দ্রসচিব ও প্রধান শিক্ষক আবদুস ছালাম মণ্ডল বলেন, আক্কেলপুর উপজেলায় ছয়টি এসএসসি পরীক্ষার কেন্দ্র রয়েছে। গত বছর কয়েক বিষয়ে অকৃতকার্য হয়েছে এমন কয়েকটি বিষয়ে এবার পরীক্ষা দেবে এমন ৩৫-৩৬ জন পরীক্ষার্থীর প্রবেশপত্র তাঁর কেন্দ্রেই এসেছে। তাদের প্রবেশপত্রে সব বিষয়ের কথা উল্লেখ রয়েছে। তিনি জানান, এ ব্যাপারে তাঁরা শিক্ষা র্বোডের সংশ্লিষ্ট শাখায় যোগাযোগ করেছেন।
আক্কেলপুর বালিকা উচ্চবিদ্যালয় পরীক্ষাকেন্দ্রের সচিব ও প্রধান শিক্ষক আবদুল মুমিন জানান, তাঁর কেন্দ্রে ছয়টি বিদ্যালয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এসব বিদ্যালয়ে ১২-১৫ জনের মতো এমন পরীক্ষার্থী রয়েছে। এদের প্রবেশপত্রে সব বিষয় উল্লেখ করা হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে আক্কেলপুর বালিকা বিদ্যালয়ের এক পরীক্ষার্থী বলে, সব বিষয়ে পরীক্ষা দেওয়ার প্রস্তুতি নেয়নি সে।
ঘটনার সত্যতা স্বীকার করে রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা র্বোডের পরীক্ষানিয়ন্ত্রক সামছুল কালাম আজাদ মুঠোফোনে বলেন, দ্রুত ভুলগুলো সংশোধন করা হবে। তিনি শিক্ষার্থীদের উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ দেন।