এসএসসি পরীক্ষার সাড়ে ৬ হাজার খাতা উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর সরকারি বালিকা বিদ্যালয়ের স্টোর রুম থেকে এসএসসি পরীক্ষার সাড়ে ছয় হাজার অতিরিক্ত খাতা উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে যশোর শিক্ষা বোর্ডের কর্মকর্তারা অভিযান চালিয়ে অব্যবহূত এ উত্তরপত্র উদ্ধার করেন।যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. সেলিম জানান, ওই পরীক্ষাকেন্দ্রের চাহিদা অনুযায়ী মোট ২২ হাজার অতিরিক্ত উত্তরপত্র দেওয়া হয়। গত এসএসসি পরীক্ষায় ২০ হাজার উত্তরপত্র ব্যবহূত হয়েছে দেখিয়ে দুই হাজার উত্তরপত্র ইতিমধ্যে বোর্ডে জমা দেওয়া হয়েছে। তাহলে উদ্ধার হওয়া উত্তরপত্রগুলো কোথা থেকে এল? বিষয়টি জানার জন্য ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পরীক্ষাকেন্দ্রের সচিব নুরে আলম মুর্শেদাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নোটিশের জবাব পেয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।যশোর শিক্ষা বোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক আজমল গনি জানান, গত ১০ মার্চ এসএসসি পরীক্ষা শেষ হয়েছে। ওই কেন্দ্র থেকে পরীক্ষার অন্যান্য উপকরণ জমা দেওয়া হলেও অজ্ঞাত কারণে ওই খাতাগুলো জমা দেওয়া হয়নি। গোপন তথ্যের ভিত্তিতে ওই বিদ্যালয়ে অভিযান চালিয়ে অব্যবহূত উত্তরপত্রগুলো উদ্ধার করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্রসচিব নুরে আলম মুর্শেদার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, ‘আগে জমা দেওয়া উত্তরপত্রের হিসাব ভুল ছিল। কীভাবে এই ভুল হলো, তা বুঝতে পারছি না।’